২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাফরুল্লাহ চৌধুরীর জন্য ‘অনলাইন মেডিকেল বোর্ড’

করোনাভাইরাস আক্রান্ত হয়ে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ‘অনলাইন মেডিকেল বোর্ড’ গঠিত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2020, 09:37 PM

Updated : 08 Apr 2022, 12:54 AM

হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মামুন মোস্তফী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে ডা, জাফরুল্লাহ চৌধুরীর কোভিড-১৯ ও গুরুতর নিউমোনিয়ার ভাইরাস নিয়ে একটি অনলাইন মেডিকেল বোর্ড করে আলোচনা হয়, যেখানে দেশের ও বিদেশের বিভিন্ন চিকিৎসকরা অংশগ্রহণ করেন।”

গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে জানিয়ে তিনি বলেন, “তার সার্বিক অবস্থা স্থিতিশীল এবং অক্সিজেন গ্রহণের মাত্রায় আর অবনতি হয় নাই। তিনি আগের চেয়ে ভালো বোধ করছেন। আলহামদুলিল্লাহ, তিনি আজকে নিজে খাবার গ্রহণ করেছেন।”

গত ২৫ মে জাফরুল্লাহ চৌধুরীর করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরপর তিনি ধানমন্ডির বাসায় আইসোলেশন থাকছিলেন। তিন দিন পর অবস্থার অবনতি হলে তাকে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়।

ডা. জাফরুল্লাহ চৌধুরীকে তিন দফায় প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে।

তার কিডনি ডায়ালাইসিসও নিয়মিত চলছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন পারভিন খান এবং ছেলে বারিশ হাসান চৌধুরীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা দুজনই ধানমন্ডির বাসায় আইসোলেশনে আছেন। তাদের অবস্থা ভালো বলে ওই পরিবারের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।