কামরানকে সিলেট থেকে এনে ঢাকা সিএমএইচে ভর্তি
করোনাভাইরাস আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এনে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে তাকে ঢাকায় উড়িয়ে আনা হয়। রাত ৮টার দিকে
হেলকপ্টারটি ঢাকার বিমান বাহিনীর ঘাঁটি বাশারে অবতরণ করে।
সেখান থেকে কামরানকে ঢাকা সিএমএইচে নেওয়া হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় কামরানের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।
পরদিন সকালে বমি আর জ্বর নিয়ে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন তিনি।
রোববার দুপুরে হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে যায় বলে জানিয়েছেন ওই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
গত ২৭ মে কামরানের স্ত্রী আসমা কামরানেরও কোভিড-১৯ রোগ ধরা পড়ে। তিনি বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
