কীর্তিমান আনিসুজ্জামানের মৃত্যুতে ফখরুলের শোক
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্র্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক বিবৃতিতে তিনি বলেন, “প্রাজ্ঞ ও কীর্তিমান এই শিক্ষকের পৃথিবী থেকে চলে যাওয়াতে দেশে গভীর শূন্যতা সৃষ্টি হল।। দেশমাতৃকার প্রতি তার এই অবদান জাতির নিকট চিরস্মরণীয় হয়ে থাকবে।”
অধ্যাপক আনিসুজ্জামান বৃহস্পতিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
৮৩ বছর বয়সী এই অধ্যাপক হৃদরোগ, কিডনি ও ফুসফুসের জটিলতা, পারকিনসন্স এবং প্রোস্টেটের সমস্যায় ভুগছিলেন। তার করোনাভাইরাস সংক্রমণও ঘটেছিল।
শিক্ষা, সাহিত্য ও গবেষণায় অধ্যাপক আনিসুজ্জামানের অবদান স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, “ড. আনিসুজ্জামান ছিলেন একজন কৃতি শিক্ষক। তিনি ’৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ’৬৯ এর গণঅভ্যুত্থান ও একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশপ্রেমের এক অনন্য নজির স্থাপন করেছেন।
“ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা সাহিত্যের এই গুণী অধ্যাপক তার ছাত্র-ছাত্রীদের নিকট ছিলেন অত্যন্ত প্রিয় শিক্ষক।”
আনিসুজ্জামানের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ফখরুল।
