গবেষণা বাড়াতে শিক্ষায় বরাদ্দ বৃদ্ধির দাবি ছাত্র ইউনিয়নের
করোনাভাইরাসের মত সঙ্কটে ‘জনকল্যাণমুখী গবেষণা ও স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল’ তৈরির ওপর জোর দিয়ে আসন্ন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছে বাম ধারার ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায়ের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মেহেদী হাসান নোবেল।
আসন্ন বাজেটে শুধুমাত্র শিক্ষাখাতে মোট বাজেটের ১৮ শতাংশ বরাদ্দ এবং ক্রমান্বয়ে তিন বছরের মধ্যে তা ২৫ ভাগে উন্নীত করার দাবি জানান তারা।
নোবেল বলেন, “আজকে এই করোনাভাইরাস পরিস্থিতি আমাদের সামনে অনেক সত্য উন্মোচন করে দিয়েছে। আজকে বাংলাদেশের মানুষ প্রশ্ন তোলা শুরু করেছে, হাজার হাজার কোটি টাকা খরচ করে কেনা সামরিক ট্যাংক আমাদের দরকার? নাকি করোনাভাইরাসের মতো দুর্যোগ মোকাবেলায় দেশের জনকল্যাণমুখী গবেষণা ও স্বয়ং-সম্পূর্ণ হাসপাতাল দরকার।”
তিনি বলেন, এই সময়ে শিক্ষা ও স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করে দেশে গবেষণা ও স্বাস্থ্যখাতের শক্ত পাটাতন তৈরি করা দরকার।
অনিক রায় বলেন, “যখন বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলো করোনাভাইরাসের টেস্ট কিট বা প্রতিষেধক আবিষ্কারের গবেষণা করছে, তখন বাংলাদেশে ছাত্র ইউনিয়নসহ অংশীজনদের দাবির মুখে পড়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো করোনা টেস্টের প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নিয়েছে মাত্র।
“দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণাখাতের এই করুণ অবস্থার দায় সরকারকেই নিতে হবে। বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ দেশের শিক্ষাবিদ, গবেষকদের দীর্ঘদিনের দাবি থাকার পরও শিক্ষাখাতে বাজেট বাড়ায়নি সরকার। ইউনেস্কোর শিক্ষা দলিলে স্বাক্ষরকারী দেশ হিসেবে মোট বাজেটের ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া গেলে দেশের গবেষণাখাতকে শক্তিশালী করা যেত।”
বর্তমানে ‘সার্টিফিকেটমুখী’ শিক্ষাব্যবস্থা এবং শিক্ষাখাতে বরাদ্দের অপ্রতুলতা দেশের ক্রান্তিকালে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণাগারকে ‘অকেজো’ করে রেখেছে বলে মন্তব্য করেন অনিক।
তথ্য-প্রযুক্তি ও শিক্ষণ-প্রশিক্ষণকে শিক্ষাখাত থেকে আলাদা করে পৃথক বরাদ্দ রাখারও দাবি জানানো হয় ছাত্র ইউনিয়নের মানববন্ধন থেকে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি এবং শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফেরও দাবি জানান সংগঠনের নেতারা।
