রাজনৈতিক ঐক্য নয়, প্রয়োজন চিকিৎসা ও প্রতিরোধ: কাদের
করোনাভাইরাস মহামারী মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের যে প্রস্তাব বিএনপির পক্ষ থেকে লাগাতার দেওয়া হচ্ছে, তাকে দরকারি মনে করছেন না ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে থেকে সংবাদ সম্মেলনে এই মুহূর্তে মহামারী প্রতিরোধ ও চিকিৎসার উপর জোর দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে শেখ হাসিনা সরকারের সমালোচনা করছেন? কিন্তু আজকে আন্তর্জাতিক ভাবে ফোর্বস, ইকোনোমিস্টের মত প্রেস্টিজিয়াস সাময়িকী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রসংশা করেছেন এবং সাফল্যের বিষয়টি দেশে বিদেশে সমাদ্রিত হয়েছে। করোনা সংকট মোকাবিলায় তার নেতৃত্ব এবং গৃহীত ব্যবস্থার প্রশংসা সর্বত্রই রয়েছে।”
বিএনপি মহাসচিবের রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বানের জবাবে আওয়ামী লীগ সাধারণ বলেন, “বিশ্বের ২১০টি দেশে করোনার বিস্তার ঘটেছে। আমাদের প্রতিবেশী দেশসহ পৃথিবীর কোথাও রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক ঐকের প্রয়োজন দেখা দেয়নি। এ সংকটে প্রয়োজন চিকিৎসা এবং প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা; সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মাঝে সমন্বয় তৈরি করা।
“চিকিৎসা বিষয়ক দক্ষ অভিজ্ঞদের নিয়ে এবং বিভিন্ন পেশাজীবী স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠন নিয়ে অভিন্ন শত্রুর বিরুদ্ধে লড়াই করা। কারণ আমরা সকলেই করোনার অভিন্ন টার্গেট। রাজনৈতিক দলগুলোর এখন প্রয়োজন জনগণের পাশে দাঁড়ানো; নিজেরা সচেতন হওয়া, অন্যদের সচেতন করা ও স্বাস্থ্যবিধি মেনে চলা।”
ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার বা চিকিৎসার বিষয়ে বিভিন্ন দেশে টাস্কফোর্স হয়েছে, হচ্ছে।
“কিন্তু এর জন্য রাজনৈতিক দলের মধ্যে ঐক্য তথা জাতীয় ঐকের প্রয়োজন আছে বলে মনে হয় না। রাজনৈতিক দলগুলোর মধ্যে করোনা বিষয়ে অহেতুক ঐক্য গঠনের প্রয়োজনীয়তা কি?”
করোনাভাইরাস সংকটে বিএনপি কথামালার চাতুরি নিয়েই ব্যস্ত বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, “বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই করোনাভাইরাস সংকটকালেও কথায় কথায় সরকারের ব্যর্থতার বিষয় নিয়ে বিষোদ্গার করছেন। অথচ তারা কখনোই জনগণের রাজনীতি করেননি। … তারা সত্যিকার অর্থে জনগণের পাশে দাঁড়াতে পারেননি। বরং সরকারের সাফল্যকে বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, “পার্শ্ববর্তী দেশে দেখুন, কংগ্রেস তহবিল গঠন করে জনগণের পাশে দাঁড়িয়েছে। অথচ রাজনৈতিক বিরোধিতার নামে সরকারের সমালোচনা করার চিরায়ত ভাইরাসে আক্রান্ত আজ বিএনপির রাজনীতি।
“সরকারকে আজ জনগণের জীবনের পাশাপাশি জীবিকাকেও দেখতে হচ্ছে। মানুষকে বাঁচানের পাশাপাশি অর্থনৈতিক চাকাকেও সচল করে রাখতে হবে। তাই সরকার কিছু কিছু ক্ষেত্রে সাধারণ ছুটি শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে।”
