২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টস শ্রমিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার: ফখরুল

করোনাভাইরাস মহামারীর মধ্যে যেভাবে তৈরি পোশাক কারখানা চালু করা হয়েছে তাতে সরকার শ্রমিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2020, 02:51 PM

Updated : 10 Oct 2022, 07:09 PM

সোমবার সকালে রাজধানীতে দুস্থ ও কর্মহীন মানুষের মধ্যে রমজান উপলক্ষে উপহার সামগ্রি বিতরণ কর্মসূচি উদ্বোধনের তিনি একথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, “এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, মানুষের মধ্যে আশার সৃষ্টির করার ক্ষেত্রেও ব্যর্থ হয়েছে। তারা আজকে একেক সময় একেকটা তুঘলকি সিদ্ধান্ত নেয়। কিছুদিন আগে সিদ্ধান্ত নিল যে, গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাবে। বন্ধ করল, কিন্তু দুইদিন পরে গণপরিবহন খোলা রাখল। ফলে সব কিন্তু গ্রামের মধ্যে দেশের মধ্যে সারা জায়গায় ছড়িয়ে পড়ল। এই বিষয়গুলো আজকে আপনার সমস্যা হয়ে দাঁড়িয়েছে।”

Image
শ্রমিক ছাঁটাইয়ের গুজবে শনিবার ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়ায় ‘রোজ ইন্টিমেটস’ কারখানার শ্রমিকরা মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রমিক ছাঁটাইয়ের গুজবে শনিবার ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়ায় ‘রোজ ইন্টিমেটস’ কারখানার শ্রমিকরা মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‘‘ আবার আজকে গার্মেন্টস খুলেছে, কিন্তু গার্মেন্টস কর্মৗদের যে নিরাপত্তা সেই নিরাপত্তার ব্যবস্থা নেই। গার্মেন্টস কর্মীদের এখন আবার অনেকেই আক্রান্ত হওয়া শুরু হয়েছে  ঢাকার সাভারে, আশুলিয়ায়, গাজীপুরে নারায়ণগঞ্জে।

“অর্থাৎ সরকার ব্যর্থ হয়েছে গার্মেন্টস মালিকদেরকে তাদের শ্রমিকদের পর্যাপ্ত পরিমান নিরাপত্তা গ্রহণ করার ক্ষেত্রে।”

উত্তরার দক্ষিণখানে প্রেম বাগানে কেসি স্কুলের কাছে আবদুল জব্বারের বাসার আঙিনায় বিমানবন্দর থানা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠান হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল পিপিই পরে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করেন।

ঢাকা মহানগর উত্তর যুব দলের সভাপতি এস এম জাহাঙ্গীর, বিমান বন্দর থানা বিএনপির জুলহাস মোল্লা, মুনির ভুঁইয়া, পূর্ব বিমান বন্দর থানার এস আই টুটুল, স্থানীয় যুব দলের দেলোয়ার হোসেন সবুজ, আলমগীর হোসেন, স্থানীয় কমিশনার আলী আকবর, কৃষক দলের শহীদুল ইসলাম ভুঁইয়া ও বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সেখানে ছিলেন।

মির্জা ফখরুল বলেন, সারা বাংলাদেশের মানুষ সংগ্রাম করছে, লড়াই করছে এই অসুখ থেকে বাঁচার জন্য।

“কি দুর্ভাগ্য আমাদের যে সরকার যাদের থেকে মানুষ আশা করে যে দুযোর্গের দিনে, দুঃসময়ের দিনে তারা সঠিক পথ দেখাবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সরকার আমাদেরকে সঠিক পথ দেখাতে পারেনি।”

গুলশানের নিজের বাসায় কোয়ারেন্টিনে থাকা অসুস্থ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে জনগণকে শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব।

গণমাধ্যমের সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং তাদের চাকুরির নিশ্চয়তা বিধানের পাশাপাশি হাসপাতালের চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী ও শিল্প কারখানার শ্রমিকদের চাকুরিচ্যুত না করা দাবিও জানান ফখরুল।