২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহামারীর মধ্যে এবি পার্টি কেন: উদ্বেগ ঘাতক দালাল নির্মূল কমিটির

দেশ যখন করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়ছে তখন জামায়াতে ইসলামীর নেতাদের একাংশ নতুন দলের আত্মপ্রকাশ করে মানুষকে ‘প্রতারিত করছে’ বলে মনে করছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2020, 08:49 PM

Updated : 18 Aug 2022, 02:57 PM

তাদের এ ধরনের তৎপরতার ওপর কঠোর নজরদারির আহ্বান জানিয়েছে নির্মূল কমিটি।

রোববার শহীদ জননী জাহানারা ইমামের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে  আয়োজিত এক অনলাইন আন্তর্জাতিক সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

ঘাতক দালাল নির্মূল কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশ্বব্যাপী করোনাভাইরাসবিরোধী যুদ্ধ চলাকালে জামায়াতে ইসলামীর একাংশের নতুন দলের আত্মপ্রকাশের ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নেতারা।”

নির্মূল কমিটির কেন্দ্র এবং দেশে ও বিদেশের ৪৫টি শাখার নেতারা এ সম্মেলনে অংশ নেন।

সংগঠনের সভাপতি শাহরিয়ার কবিরের সভাপতিত্বে দুই পর্বে স্কাইপেতে অনুষ্ঠিত এ সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের চিকিৎসা সহায়ক কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব।

দ্বিতীয় পর্বের প্রধান বক্তা ছিলেন চিকিৎসা সহায়ক কমিটির সভাপতি অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া।

সম্মেলনে আলোচনার মূল বিষয় ছিল ‘করোনাভাইরাস মহামারী মোকাবেলায় নির্মূল কমিটির চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মসূচি’।

সম্মেলনে নির্মূল কমিটির কেন্দ্র ও জেলা/উপজেলা পর্যায়ের নেতা ছাড়াও বহির্বিশ্বের শাখাগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, তুরস্ক, বেলজিয়াম, সুইজারল্যান্ড ও ভারতীয় শাখার নেতারা অংশ নেন।

শনিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর ‘সংস্কারপন্থিরা’ ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি) নামের নতুন দল গঠনের ঘোষণা দেন। তারা বলেছেন, ‘মুক্তিযুদ্ধের অঙ্গীকার’ বাস্তবায়ন করতে চান।

এ বিষয়ে নির্মূল কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনা যুদ্ধকালে সর্বত্র যখন সরকার ও জনগণ সকল ভেদাভেদের ঊর্ধ্বে উঠে সম্মিলিতভাবে এক অভূতপূর্ব লড়াইয়ে নিয়োজিত সে সময়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশে মৌলবাদী ও সাম্প্রদায়িক অপশক্তি ধর্ম বর্ণ জাতিসত্তাবিরোধী ঘৃণ্য বক্তব্য দিয়ে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে।

“বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সকল রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী-নাগরিক সংগঠন করোনাভাইরাস মহামারী সংক্রমণের বিরুদ্ধে লড়ছে তখন একাত্তরের গণহত্যাকারী মৌলবাদী সাম্প্রাদায়িক জামায়াতে ইসলামী ও তাদের সমমনা কিছু সংগঠনের নেতৃত্বের একাংশ নতুন নামে আত্মপ্রকাশ করেছে।

জামায়াতের ‘সংস্কারপন্থিদের’ নতুন দল এবি পার্টি  

“দেশ ও এই জাতির মহাদুর্যোগকালে মানুষকে প্রতারিত করার উদ্দেশ্য মৌলবাদী সন্ত্রাসী জামায়াতে ইসলামীর নেতাদের এ ধরনের তৎপরতার উপর কঠোর নজরদারির পাশাপাশি ধর্মনিরপেক্ষ মানবতার সংগ্রাম অব্যাহত আহ্বান জানাচ্ছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।”

করোনাভাইরাস সংকট মোকাবেলায় নির্মূল কমিটির সম্মেলনে কয়েকটি প্রস্তাব গৃহীত হয়েছে:

>> বিরাজমান মহাসংকটের কারণে মার্চ ২০২০-এ অনুষ্ঠেয় নির্মূল কমিটির জাতীয় সম্মেলন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। সম্মেলনের পুরো তহবিল মহামারীর কারণে বিপন্ন প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় করা হবে।

>> দেশে সংকট মোকাবেলায় ধর্মনিরপেক্ষ মানবতার উদাহরণগুলো তুলে ধরার জন্য নির্র্মূল কমিটি সাপ্তাহিক ‘জাগরণ’ নামে একটি বহুভাষিক অনলাইন বুলেটিন প্রকাশ করবে।

>> সরকার ঘোষিত বিশাল প্রণোদনা প্রত্যন্ত এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাচ্ছে কি না সে বিষয়ে খোঁজ-খবর রাখা এবং সব রকম দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান।

>> ৩১ মের আগে লকডাউন প্রত্যাহার করা উচিত হবে না। এই বিষয় জনমত তৈরির ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসার আহ্বান।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাকর্মী, গণমাধ্যমকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ যারা অকালে প্রয়াত হয়েছেন তাদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি যারা এই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করেছে ঘাতক দালাল নির্মূল কমিটি।