২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিডিও কলে নেতাকর্মীদের শেখ হাসিনার নববর্ষের শুভেচ্ছা

নিজের রাজনৈতিক কার্যালয়ে ভিডিও কল করে নেতাকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2020, 07:38 PM

Updated : 08 Apr 2022, 12:37 AM

এ সময় তিনি করোনাভাইরাসের সংক্রমণের বিষয়ে সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দেন।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সভানেত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের ফোনে ভিডিও কল করে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান।

“মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভিডিও কলের মাধ্যমে কার্যালয়ে নেতাকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি করোনাভাইরাসে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

“মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবাইকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কার্যালয়ে কাজ চালানোর জন্য।”

করোনাভাইরাসজনিত পরিস্থিতির কারণে সীমিতসংখ্যক কর্মকর্তা-কর্মচারী ও নেতাকর্মী আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আসেন।

মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রী যখন ভিডিও কলে কথা বলেন তখন দলের স্বাস্থ্য সম্পাদক রোকেয়া সুলতানা, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানান সায়েম খান।