স্বেচ্ছায় কোয়ারেন্টিনে থাকলে পুরস্কার দেবেন শাহরিয়ার আলম
নভেল করোনাভাইরাস আক্রান্ত এলাকা থেকে নিজের নির্বাচনী এলাকা রাজশাহীর চারঘাট ও বাঘা এলাকায় আগতদের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
সেসঙ্গে স্বেচ্ছা কোয়ারেন্টিনে আগ্রহীদের পুরস্কৃত করারও ঘোষণা দেন তিনি।
সোমবার থেকে এ ঘোষণা কার্যকর হবে জানিয়ে শাহরিয়ার আলম নিজের ফেইসবুকে বলেছেন, আক্রান্ত এলাকা থেকে আগতদের ১৩ এপ্রিল ১৪ দিন চারঘাট ও বাঘায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে বাধ্যতামূলক রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
নারায়ণগঞ্জ থেকে ফিরে এক যুবক রাজশাহীতে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার ঘটনার মধ্যে এ ঘোষণা দেন প্রতিমন্ত্রী।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার ৩৫ দিনের মাথায় প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়ে পড়েছে অন্তত ৩৮ জেলায়।
স্বাস্থ্য অধিদপ্তর রোববার যে তথ্য প্রকাশ করেছে, তাতে এ পর্যন্ত ৬২১ জনের দেহে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্ত রোগীদের অর্ধেকই ঢাকার বাসিন্দা। আর ৩৫ শাতাংশ রোগী ঢাকার বিভাগের অন্যান্য জেলার।
আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা রোববার বলেছেন, “প্রতিটি জেলার তথ্য বিশ্লেষণ করে আমরা দেখেছি, যাদের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে, তারা গত এক সপ্তাহের মধ্যে ঢাকা বা নারায়ণগঞ্জ থেকে ওই সমস্ত এলাকাগুলোতে গিয়েছেন। সেজন্য আমরা বারবার সবাইকে সতর্ক করছি, এ সময়ে আপনারা ভ্রমণ করবেন না।”
অধ্যাপক ফ্লোরা জানান, সারা দেশে এ পর্যন্ত মোট ৩৮টি জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। তবে রাজশাহী বিভাগের ৮ জেলায় এখনও কোনো রোগী শনাক্ত হযনি।
পরে রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, ৭/৮ দিন আগে এক যুবক নারায়নগঞ্জ থেকে একটি ট্রাকে করে রাতের আঁধারে রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের বগুড়াপাড়ায় বাড়ি ফেরেন।
তিনি জানান, বাড়ি আসার পর থেকে করোনাভাইরাসের উপসর্গ তার শরীরে দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা গিয়ে তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের করোনা ল্যাবে পাঠায়।
“রোববার নমুনা পরীক্ষা করে তার শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়।”
