২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজিববর্ষের আয়োজনকে ম্লান করতে মোদীর বিরোধিতা: কাদের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আসার বিরোধিতার পেছনে ‘মুজিববর্ষের’ আয়োজনকে ম্লান করার অপচেষ্টা রয়েছে বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2020, 11:49 PM

Updated : 18 Aug 2022, 02:37 PM

মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় বক্তব্যে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, “আমরা আজকে দেখছি নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে একটি মহল এবং বিএনপি তাদের উসকানি দিচ্ছে বিশৃঙ্খলা তৈরি করার জন্য। তারা কিসের অশুভ লক্ষণ দেখতে পাচ্ছে আমরা জানি না।

“আসলে মুজিববর্ষকে সামনে রেখে বাংলাদেশসহ সারা পৃথিবীতে যে বর্ণাঢ্য আয়োজন এবং জনগণের মধ্যে যে ঐক্যবদ্ধ আবহ বিরাজ করছে, এটা বিএনপি ও তার দোসরদের সহ্য হচ্ছে না। এজন্য তারা আজকে নরেন্দ্র মোদীর বিরোধিতার নামে আজকে মুজিববর্ষের বিরোধিতায় অবতীর্ণ হয়েছে বলে আমরা মনে করি। এটাই আজকে জাতির বিশ্বাস।”

সড়ক পরিবহন মন্ত্রী কাদের বলেন, “আসলে নরেন্দ্র মোদীর আগমন নয়, মুজিববর্ষ হচ্ছে তাদের আক্রমণের টার্গেট। কাজেই মুজিববর্ষ উদযাপনের যে জাগরণ সারা বাংলাদেশে সৃষ্টি হয়েছে এবং একটা ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি হয়েছে কোনো অশুভ শক্তি, সাম্প্রদায়িক অপশক্তি যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য আজকে আমাদের প্রস্তুত থাকতে হবে। এই চক্রান্ত এই অপতৎপরতাকে আমাদের প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে বলব।” 

মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা মোদীর বিরোধিতা করতে গিয়ে আসলে ‘মুজিববর্ষের’ বিরুদ্ধে বিষোদগার করছে বলে অভিযোগ করেন কাদের। 

তিনি বলেন, “নরেন্দ্র মোদী কোনো সাধারণ মানুষ নন, তিনি হচ্ছেন মুক্তিযুদ্ধে আমাদের মিত্র দেশ ভারতের জনগণের প্রতিনিধি। তিনি ভারতের জনপ্রতিনিধি হিসেবে এদেশে আসছেন। নরেন্দ্র মোদী আসার প্রেক্ষাপট দিল্লির সাম্প্রতিক বিচ্ছিন্ন ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়।”

মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদান স্মরণ করিয়ে দিয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, “এই বন্ধন রক্তের বন্ধন। ভারতের প্রতিনিধিকে বাদ দিয়ে মুজিববর্ষ উদযাপন, এটার কোনো অর্থ হতে পারে না। কারণ সেদিন বাংলাদেশের প্রধান মিত্র ছিল ভারত।” 

বিশ্বব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘জনপ্রিয়তায় ভীত হয়ে’ বিএনপি মুজিববর্ষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, “শেখ হাসিনা তার ঘাম, শ্রম, মেধা দিয়ে সারা বাংলাদেশকে বিশ্বের দরবারে বিশেষ মর্যাদায় মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। শেখ হাসিনার যে আকাশচুম্বী জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাকে ওই সাম্প্রদায়িক গোষ্ঠী বিএনপি এরা ভয় পায়।

“তাই এরা মনে করছে, মুজিববর্ষ উদযাপনের মধ্য দিয়ে শেখ হাসিনার জনপ্রিয়তা এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়তেই থাকবে। এজন্য তারা ষড়যন্ত্র করছে।” 

বিনয় ও মুক্তিযুদ্ধের চেতনায় মুজিববর্ষের অনুষ্ঠান উদযাপনের জন্য নেতাকর্মীদের দলীয় প্রধানের নির্দেশনার কথা জানিয়ে তিনি বলেন, “এখানে কোনো বাড়াবাড়ি করতে কেউ পারবেন না। মুজিববর্ষের নামে চাঁদাবাজির দোকান যেন কেউ খুলতে না পারে। আমরা যেন বাড়াবাড়ি করে বঙ্গবন্ধুকে ছোট না করি। খুব বেশি বঙ্গবন্ধুপ্রেমী হতে গিয়ে আমরা যেন বঙ্গবন্ধুর বিশাল ভাবমূর্তিতে কোনো প্রকার আঁচড় না কাটি।”  

পরে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যদের সাথে ঢাকা মহানগর আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, ঢাকার নবনির্বাচিত মেয়র এবং ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করেন ওবায়দুল কাদের।