বিদ্যুৎ-পানির দাম বৃদ্ধি গায়ের জোরে: বাসদ
ভোক্তা ও জনমত উপেক্ষা করে পানি-বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরকার সরে না আসলে কঠোর আন্দোলনের নামবে খালেকুজ্জামান নেতৃত্বাধীন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।
দলটির নেতারা বলছেন, গায়ের জোরে যুক্তহীনভাবে সরকার পানি-বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ বলেন, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন দফায় দফায় গণশুনানি করেছে। সেসব গণশুনানিতে ভোক্তারা বিদ্যুতের দাম কমানোর পক্ষে যেসব যুক্তি তুলে ধরেছে, যেসব তথ্য-উপাত্ত তুলে ধরা হয়েছে, সেসব যুক্তি, তথ্য-উপাত্তকে পাশ কাটিয়ে একতরফাভাবে বিদ্যুতে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, “গত ১২ বছরে ১৩ বার পানির দাম বাড়িয়েছে ওয়াসা। অথচ ওয়াসার পানি খাওয়া তো দূরে থাক, থালাবাসন ধোয়ার কাজও করা যায় না।”
দুর্গন্ধ, ময়লা পানির দাম বাড়িয়ে ওয়াসা কার স্বার্থ রক্ষা করতে চায়- প্রশ্ন রেখে বাসদ নেতা ফিরোজ বলেন, ঢাকা ওয়াসার পানির দাম ৮০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব অযৌক্তিক, গণবিরোধী ও প্রচলিত আইনবিরোধী।
এছাড়া প্রচলিত ওয়াসা আইন-১৯৯৬ অনুযায়ী বার্ষিক সর্বোচ্চ পাঁচ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধির বিধান রয়েছে। সে অর্থে মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রচলিত আইনেরও বিরোধী।
ফিরোজ বলেন, বেআইনি ও অযৌক্তিকভাবে দাম বাড়ানোর আগে ক্রয় প্রক্রিয়া, প্রকল্প বাস্তবায়ন ও গ্রাহক পর্যায়ে মিটার রিডিংয়ে দুর্নীতি-অনিয়ম-লুটপাট বন্ধ করে ওয়াসার স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধি করা উচিত।
রাজেকুজ্জামান রতন বলেন, বিদ্যুতের মূল্য নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানি গণতামাশায় পরিণত করেছে। গণশুনানিতে অংশ নেওয়া নাগরিক, জ্বালানি বিশেষজ্ঞ, রাজনৈতিক নেতারা মূল্য বাড়ানোর প্রস্তাবকে অযৌক্তিক বলে তা প্রত্যাখ্যান করেছেন।
“বিশেষজ্ঞরা বলেছেন, রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিলে দেড় হাজার কোটি টাকা সাশ্রয় হবে। কিন্তু মুষ্টিমেয় বিদ্যুৎ ব্যবসায়ীর মুনাফার স্বার্থে উৎপাদন না করেও বসিয়ে বসিয়ে রেন্টাল, কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রকে তাদের ক্যাপাসিটি চার্জ হিসেবে টাকা দিচ্ছে। এ মুনাফা-লুটপাটের অর্থ যোগান দিতেই বার বার বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে।”
তিনি বলেন, পেঁয়াজ, চাল, সয়াবিন তেল, আদা, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে জনগণ যখন দিশেহারা, ঠিক তখন বিদ্যুতের দাম বাড়িয়ে জনজীবনকে এবার বিপর্যস্ত করে তুলবে।
পানি বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে একই সময়ে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট।
এ সমাবেশ থেকে বলা হয়, দলীয় মুনাফাখোরদের স্বার্থ রক্ষা করতেই সরকার পানি, বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তে নেওয়া হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর ফলে শিল্প উৎপাদন, বিশেষ করে পোশাক খাত ভয়াবহ ক্ষতির মুখে পড়বে। কলকারখানা বন্ধ হয়ে যাবে। বাধাগ্রস্ত হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি।
অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
সমাবেশ শেষে প্রেস ক্লাব থেকে পুরানা পল্টন পর্যন্ত বিক্ষোভ মিছিল করে দল দুটি।
