২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে বিএনপির মেয়র প্রার্থীরা

ঢাকার সিটি করপোরেশন নির্বাচনের খবর সংগ্রহ করার সময় সন্ত্রাসীদের হামলায় আহত সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে হাসপাতালে গিয়ে দেখে এলেন বিএনপির দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2020, 05:28 PM

Updated : 10 Oct 2022, 06:57 PM

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডে যান তারা। সেখানে সুমনের পাশাপাশি ভোটের দিন আহত যুবদল নেতা সাদ্দাম হোসেনও চিকিৎসা নিচ্ছেন।

তাবিথ ও ইশরাক চিকিৎসকদের কাছে দুজনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন।

পরে হাসপাতালের বাইরে সাংবাদিকদের তাবিথ বলেন, “নির্বাচনে কারও উপরে হামলা করা কোনোভাবেই কাম্য নয়। নির্বাচন কমিশনের এই ক্ষেত্রে নিশ্চুপ ভূমিকা আমাদেরকে ভাবিয়ে তোলে, আহত করে।

“আমরা নির্বাচন কমিশনকে বলে দিতে চাই, তাদের প্রতিশ্রুতির সাথে তাদের কর্মের কোনো মিল ছিল না। তারা ইচ্ছাকৃতভাবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বানচাল করে দিয়েছে।”

ধানের শীষের অপর প্রার্থী ইশরাক বলেন, “নির্বাচনের তিন দিন আগেও আমাদের প্রচারণায় হামলার ঘটনায় তিনজন সাংবাদিক আহত হয়েছে। ভোট জালিয়াতির মুখোশ উন্মোচন করেছে বলেই সাংবাদিকদের ওপর এই ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে। আমরা এহেন হামলার নিন্দা জানাই।”

গত শনিবার অনুষ্ঠিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত হয়েছেন বিএনপির এই দুই মেয়র প্রার্থী। ভোটে জিতে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আগামী পাঁচ বছরের জন্য মেয়রের দায়ত্ব নিচ্ছেণ।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে বিএনপির প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, সহ স্বাস্থ্য্ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান উপস্থিত ছিলেন।