২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোলিং এজেন্ট দেওয়ার সামর্থ্য নেই বলেই বিএনপির অভিযোগ: তাপস

বিএনপিসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2020, 12:04 PM

Updated : 18 Aug 2022, 02:26 PM

শনিবার সকালে স্ত্রী আফরিন তাপসকে নিয়ে ধানমণ্ডির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সামনে তিনি এ প্রতিক্রিয়া জানান।

বিএনপিসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রতিনিধিদের এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে তাপস বলেন, “এটা সম্পূর্ণ অমূলক। তাদের সেই সাংগঠনিক কাঠামো এবং শক্তি নেই যে তারা এজেন্ট দিতে পারে।

 

“সেটা তারা দিতে পারছে না বলে আমাদের উপর দোষ চাপাচ্ছে।”

ইভিএমে নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “ইভিএম খুব সহজ পদ্ধতি। আমি এই প্রথম ভোট দিলাম। … ইভিএমে আমি নিশ্চিত হতে পেরেছি যে আমার ভোটটি সঠিকভাবে প্রয়োগ হয়েছে।

“আমি গণসংযোগে দেখেছি ইভিএমে ভোট দেওয়ার বিষয়ে ঢাকাবাসীর কখনো কোনো শঙ্কা ছিল না। আমি মনে করি ঢাকাবাসী- এটা সাদরে গ্রহণ করেছে।”

নির্বাচনের পরিবেশ জানতে চাইলে তিনি বলেন, “এখন পর্যন্ত খুব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হচ্ছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।

জনগণের রায় মেনে নিতে আপনি কতটা প্রস্তুত জানতে চাইলে তাপস বলেন, “নির্বাচন একটি প্রতিযোগিতা। এখানে জয়-পরাজয় থাকবে। তবে আমি খুব আশাবাদী নৌকার বিজয় হবে।”