নগরপিতা নয়, নগরের সেবক হতে চাই: আতিক
নগরপিতা নয়, সেবক হিসেবে কাজ করে অপরিকল্পিত ঢাকাকে একটি ‘পরিকল্পিত শহরে’ রূপান্তরের চ্যালেঞ্জ নিতেই মেয়র হওয়ার লড়াইয়ে নামার কথা বলেছেন আতিকুল ইসলাম।
গত বছর ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে জয়ী হয়ে নয় মাস মেয়রের দায়িত্ব পালন করেন গার্মেন্ট ব্যবসায়ী আতিক।
“আপনারা দেখেছেন, আমি দায়িত্ব নেওয়ার পর নয় মাসে একটি দিনও নষ্ট করি নাই। নগরপিতা নয়, নগরের সেবক হিসেবে সবার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। সেটি অত্যন্ত কঠিন কাজ ছিল। সেটা একটা অনুশীলন ছিল। নির্বাচিত হলে সিটি করপোরেশনের কাজগুলো এগিয়ে নিতে সে অভিজ্ঞতা কাজে দেবে।”
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় নিজের এই অবস্থান ব্যক্ত করে নগরবাসীর কাছে চ্যালেঞ্জ বাস্তবায়নের সুযোগ দেওয়ার অনুরোধ জানান তিনি।
নৌকার প্রার্থী আতিক বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে দেখেছি, আগে শহর পরিকল্পনা করে নগর গড়ে ওঠে। কিন্তু আমাদের দেশে শহর সেভাবে গড়ে ওঠে না। এটাই বড় চ্যালেঞ্জ। কাউকে না কাউকে সেই চ্যালেঞ্জটা নিতে হবে। সেটা নেওয়ার জন্যই আজ আপনাদের সামনে নৌকার প্রার্থী হিসেবে এসেছি। এজন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
মতবিনিময় সভায় ইকবাল সোবহান চৌধুরীসহ সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পরে মিরপুরের পল্লবী এলাকায় গণসংযোগ করেন আতিকুল ইসলাম।
সেখানে এক পথসভায় বক্তব্যে এবার মেয়র হতে পারলে এলাকা থেকে মাদক নির্মূলে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।
নির্বাচনী ইশতেহারে দেওয়া অনলাইনের মাধ্যমে ট্যাক্স আদায়ের প্রতিশ্রুতি নিয়ে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন আতিকুল ইসলাম। তিনি বলেন, তারা বলছে এতে নাকি ট্যাক্স বেড়ে যাবে।
“আমরা বলতে চাই, নির্বাচিত হলে কোনো ট্যাক্স বাড়ানো হবে না। কিন্তু সরাসরি ট্যাক্স না নিয়ে অনলাইনে নেব, এতে দুর্নীতির সুযোগ থাকবে না। এতে আমরা আরও বেশি ট্যাক্স আদায় করতে পারব। তাই এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকুন।”
নির্বাচনী প্রচারের যে দুই দিন আছে, এই সময়ে সবার ঘরে ঘরে গিয়ে নৌকার পক্ষে ভোট চাইতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান আতিকুল ইসলাম।
