‘পকেট ভারী’ করতে বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানো হচ্ছে: খন্দকার মোশাররফ
ক্ষমতাসীনদের ‘পকেট ভারী’ করতে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে সাংবাদিকদের একথা বলেন দলের স্থায়ী কমিটির এ সদস্য।
খন্দকার মোশাররফ বলেন, “ইতোমধ্যে যেভাবে জনগণকে শোষণ করছে, যেভাবে বিদ্যুৎ-গ্যাসের মূল্য বার বার বৃদ্ধি করে জনগণের পকেট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে, কিসের জন্য? বিদ্যুৎ সেক্টরে যে আওয়ামী সিন্ডিকেট আছে তাদের মুনাফার জন্য, তাদের পকেট ভারী করার জন্য।“
ডিসেম্বরের শেষে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আইন সংশোধনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পাওয়াকে ‘মরার উপরে খাড়ার ঘা’ হিসেবে বর্ণনা করেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, “এই আইনটি সংশোধন করার অর্থই হচ্ছে, সরকার আরও বেশি একাধিকবার বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি করে বছরে জনগণের পকেট থেকে টাকা হাতিয়ে নিতে পারবে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।
“অতীতে আইনের মধ্যে ছিল যে, সরকার প্রয়োজন মনে করলে বছরে একবার বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বাড়াতে পারবে। এই সংশোধনীর মাধ্যমে যেটা করা হয়েছে, যেটা হচ্ছে, সরকার ইচ্ছা করলে একাধিবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াতে পারবে।”
বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের যুক্তির সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, “বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিষয়ে কিছু দিন আগে বিইআরসি গণশুনানি করেছে। তারা বলেছে যে, বিদ্যুৎ উৎপাদন নাকি ব্যয়, তারা যা বিক্রি করে তা থেকে তাদের লোকসান হয়ে যায়, সেটা পূরণের জন্য বিদ্যুতের দাম বাড়াতে চায়।
“আমি বলতে চাই, এ বিদ্যুৎ সেক্টর যে অবস্থায় ছিল এই সরকার যদি নিজেদের লোভে ও কমিশনের জন্য যদি কতগুলো অপকর্ম না করত তাহলে বিদ্যুতের দাম অতীতে আমাদের সরকারের সময়ে গড়ে প্রতি ইউনিট আড়াই টাকা ছিল, সেই অবস্থায় থাকত।”
ক্ষমতাসীনরা ‘নিজেদের স্বার্থে’ কুইক রেন্টাল স্থাপন করেছে বলেও অভিযোগ করেন তিনি।
খন্দকার মোশাররফ বলেন, “যারা আওয়ামী সিন্ডিকেট বিদ্যুৎ ব্যবসায় আছে তাদের কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট স্থাপনের সুযোগ করে দিয়ে কুইক কমিশন নিয়েছে। আরেকটি তারা করেছে, দেশে আটটি তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে যেগুলোতে আজকে সবচেয়ে বেশি লোকসান হচ্ছে।
“সরকার বলছে যে, বিদ্যুতে প্রায় ৮ হাজার কোটি টাকা ঘাটতি থাকে। এটাকে পূরণ করার জন্য তারা বিদ্যুতের দাম বাড়াচ্ছে। আমরা বলতে চাই, তেলভিত্তিক যেসব বিদ্যুৎ কেন্দ্র ও কুইক রেন্টাল প্ল্যান্টগুলো তারা উৎপাদন না করে শুধু বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া বাবদ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে গত বছর ১৫ হাজার কোটি টাকা দিতে হয়েছে। এ বছর ২০ হাজার কোটি টাকা দিতে হবে। যদি ২০ হাজার কোটি টাকা কেন্দ্রের ভাড়া না লাগত তাহলে এই বিদ্যুতের দাম বাড়াতে হত না। এভাবে বিদ্যুতের দাম বৃদ্ধির পাঁয়তারাকে আমরা নিন্দা জানাই।”
‘দুর্নীতি, অব্যবস্থাপনা, নৈরাজ্য’ বন্ধ হলে বিদ্যুতের দাম বাড়াতে হবে না মন্তব্য করে সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “জনগণের ওপর আর চাপ সৃষ্টি করবেন না।”
‘ভোটের মাঠে থাকবে’ বিএনপি
খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এবার সিটি করপোরেশন নির্বাচনে শেষ পর্যন্ত বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন।
“আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা নির্বাচনের মাঠে থাকব, আমরা অতীতেও ছিলাম। এখন তারা (ক্ষমতাসীনরা) যা বলছে এগুলো হচ্ছে কথার কথা। তাদের নিজস্ব পরিকল্পনা আছে যে, ইভিএমের মাধ্যমে তারা ভোট ডাকাতি করবে। এখন আগে থেকে ভালো ভালো কথা বলে তারা চেষ্টা করছে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য।”
বিএনপি আগাগোড়াই ইভিএমে ভোট না নেওয়ার দাবি করে আসছে জানিয়ে তিনি বলেন, “এই ইভিএমের প্রয়োজন নেই বাংলাদেশে। কারণ এদেশের মানুষ নিজের হাতে ভোট দিয়ে ভোট রাখতে পারে না, নিজেরা গিয়ে ভোট দিতে পারে না। সেখানে যন্ত্রের মাধ্যমে ভোট দিয়ে এখানে কী উন্নয়ন করতে চাচ্ছে এটা আমরা বুঝতে পারি না।
“এটা বুঝি যন্ত্র দিয়ে কারচুপি করা আরও সহজ। এদেশের মানুষ নিজের হাতে ভোট দিতে অভ্যস্ত, নিজের হাতে ভোট দিতে চায়। এই ইভিএমের প্রয়োজন নাই। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে এটা চালু করার চেষ্টা হচ্ছে; এটা আমরা মানি না।”
সিটি নির্বাচন সুষ্ঠু হবে বলে মন্ত্রীরা যে কথা বলছেন তাতে আশ্বস্ত কি না জানতে চাইলে খন্দকার মোশাররফ বলেন, “আমরা মোটেই আশ্বস্ত না। আপনাদের মনে আছে, একাদশ নির্বাচনের আগে আমরা দুই দুইবার প্র্রধানমন্ত্রীর কাছে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে গিয়েছিলাম।
“প্রধানমন্ত্রী যেখানে কথা দিয়েছিল একাদশ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, সেই নির্বাচন ৩০ তারিখ জনগণের হাতে না গিয়ে ২৯ তারিখ রাত্রে ডাকাতি হয়ে গেছে। দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করে যদিও সেটা ঘটে নাই, সেটা করতে পারে নাই বা করে নাই। এখন নির্বাচন কমিশন বা মন্ত্রীরা আশ্বস্ত করলেই আমরা বিশ্বাস করব না, জনগণও বিশ্বাস করে না।”
সরকার ‘ভোট কারচুপি’ করছে তা প্রমাণের জন্যই বিএনপির নির্বাচনে আসা দাবি করে তিনি বলেন, “আমরা জনগণের কাছে থাকার জন্য, তাদের কাছে আমাদের বক্তব্য পৌঁছানোর জন্য এবং জনগণের কাছে প্রমাণ করার জন্য যে এই আওয়ামী লীগ ও এই নির্বাচন কমিশনের অধীনে কোনো দিন নির্বাচন সুষ্ঠু হয় না, জনগণ ভোট দিতে পারে না, সেজন্য নির্বাচনে অংশ করছে বিএনপি।”
জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম, ময়মনসিংহ দক্ষিণ জেলার আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবুল, আলমগীর মাহমুদ আলম, মোফাখারুল ইসলাম রানা, ফখরুউদ্দিন আহমেদ, আবুল হোসেন প্রমুখ।
