২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাম বিকল্প শক্তি গড়ার আহ্বান সিপিবি সভাপতির

দেশে ‘আওয়ামী দুঃশাসন’ চলছে মন্তব্য করে তা হঠানোর সঙ্গে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তনে বাম বিকল্প শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2019, 09:26 PM

Updated : 18 Aug 2022, 06:18 PM

ঢাকার পুরানা পল্টনে মুক্তিভবনে সিপিবির জাতীয় পরিষদের ২৫তম সভায় এ কথা বলেন তিনি।

সেলিম বলেন, “দেশ জাতীয় ও আন্তর্জাতিকভাবে কঠিন দিনের সামনে। বিশ্ব সাম্রাজ্যবাদের পাশাপাশি ভারতের বৃহৎ পুঁজির আগ্রাসী আধিপত্য আমাদের উপর চেপে বসছে। ভারতের বৃহৎ পুঁজি সাম্প্রদায়িকতাকে বাহন করেছে। মোদির হিন্দুত্ববাদী রাজনীতির পৃষ্ঠপোষক আম্বানিরা।”

তিনি বলেন, “ভারতের নাগরিকত্ব সংশোধন আইন ও এনআরসি ভারতীয় সমাজ ও রাজনীতিতে সাম্প্রদায়িক বিভাজন গভীর করবে। এটা দক্ষিণ এশিয়ায়ও সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি ও মেরুকরণ গভীর করবে।”

সভায় সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বলেন, “তাই এটা শুধু ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়। এর বিরুদ্ধে দক্ষিণ এশিয়ার জনগণের ঐক্যবদ্ধ লড়াই জরুরি হয়ে পড়েছে।”

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “দেশে মূলত একদলীয় শাসন চলছে। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থায় নৈরাজ্য চলছে। ব্যাংক ঋণের উপর সরকারের নির্ভরতা, খেলাপি ঋণ বেড়েছে। বিদেশে টাকা পাচার বন্ধ হয়নি।”

গণতন্ত্র ও জবাবদিহিতা না থাকায় উন্নয়নে অপচয়-দুর্নীতি বাড়ছে বলেও দাবি করেন শহ আলম।

জাতীয় পরিষদের সদস্য শিবনাথ চক্রবর্তী, শ ম কামাল হোসেন, অশোক সাহা, মোতালেব মোল্লা, শহীদউদ্দিন বাবুল, দিলীপ পাইক, আবুল ইসলাম শিকদার, নিসার আহমেদ প্রমুখ এ সভায় বক্তব্য রাখেন।