২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার সিটি ভোটের তফসিল নিয়ে বসেছে ইসি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটের তারিখ নির্ধারণে সভায় বসেছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2019, 12:53 PM

Updated : 10 Oct 2022, 09:48 PM

পুরনো খবর:

ঢাকার সিটি ভোট জানুয়ারির শেষ সপ্তাহে: ইসি সচিব
ঢাকা সিটির ভোট কবে, ঠিক হবে রোববার

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে রোববার বেলা আড়াইটায় কমিশনের ৫৭তম সভায় চার নির্বাচন কমিশনারও উপস্থিত রয়েছেন।

ইসি সচিব মো. আলমগীর ইতোমধ্যে বলেছেন, “জানুয়ারির শেষ সপ্তাহ আমাদের লাস্ট ডেট, পরের সপ্তাহে যাওয়ার সুযোগ নেই। কমিশন বৈঠকে সিদ্ধান্তের পর তফসিল হবে।

গেল ১২ ডিসেম্বর কমিশনের ৫৬তম সভায় ‘কর্তৃত্ব’ নিয়ে চার সদস্যের ‘উষ্মা’ প্রকাশের পর দশ দিনের মাথায় আবার একসঙ্গে বসলেন তারা। এ সভায় ঢাকার দুই ভাগের ভোটের তফসিল চূড়ান্ত হবে।

সব মিলিয়ে এদিনের বৈঠকের আলোচ্যসূচিতে সাতটি বিষয় রয়েছে বলে ইসির উপসচিব মো. শাহেদুন্নবী চৌধুরী স্বাক্ষরিত সভার নোটিসে জানানো হয়।

>> ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের  নির্বাচন তফসিল নির্ধারণ

>> ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি, ২০১৯ এর খসড়া ও চূড়ান্ত প্রকাশের তারিখ নির্ধারণ

>> নির্বাচন পদক নীতিমালা অনুমোদন

>> ভোটার দিবস ২০২০ উদযাপন

>> প্রশিক্ষণ বাজেট নীতিমালা

>> গণপ্রতিনিধিত্ব আদেশ এর খসড়া চূড়ান্তকরণ

>> সীমানা পুননির্ধারণ আইনের খসড়া চূড়ান্তকরণ এবং বিবিধ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি ভোটের ‘কাউন্টডাউন’ শুরু হয়েছে নভেম্বরের শেষ ভাগে। আগামী মে মাসের প্রথমার্ধের মধ্যে এ ভোটের আয়োজন করার বাধ্যবাধকতাও রয়েছে ইসির সামনে।

এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনায় রেখেই ভোটের জন্য একটি সুবিধাজনক তারিখ নির্ধারণ করতে হবে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটিকে।

মনোনয়নপত্র দাখিলের সময়, বাছাই, প্রত্যাহার ও প্রচারণার পর্যাপ্ত সময় দিয়ে ভোটের জন্য সাধারণত ৪০ থেকে ৪৫ দিন সময় রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২০১৫ সালে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটে ৪০ দিন সময় দেওয়া হয়েছিল।

২০১৫ সালের ২৮ এপ্রিল একসঙ্গে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হয়। নির্বাচনের পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম সভা হয় ওই বছরের ১৪ মে, দক্ষিণ সিটিতে ১৭ মে ও চট্টগ্রাম সিটিতে প্রথম সভা হয় একই বছরের ৬ অগাস্ট।

সে হিসাবে ঢাকা উত্তরের মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৩ মে পর্যন্ত, আর দক্ষিণে একই বছরের ১৬ মে পর্যন্ত। আর চট্টগ্রাম সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের জুলাইয়ে।

এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ভোট একদিনে হবে, চট্টগ্রামের ভোট গবে পরে।