২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা সিটির ভোট কবে, ঠিক হবে রোববার

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটের তারিখ নির্ধারণের জন্য রোববার নির্বাচন কমিশনের সভা ডাকা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2019, 01:27 AM

Updated : 18 Aug 2022, 06:16 PM

বুধবার ইসির উপসচিব মো শাহেদুন্নবী চৌধুরী সাক্ষরিত এ সংক্রান্ত সভার নোটিশ জারি করা হয়।

এতে বলা হয়, আগামী রোববার বেলা আড়াইটায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে ৫৭তম সভা অনুষ্ঠিত হবে। সেদিন সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের তফসিল নির্ধারণ হবে।

সভা শেষেই সিইসি তফসিল ঘোষণা করতে পারেন বলে কর্মকর্তারা জানান।

জানুয়ারিকেই ভোটের সবচেয়ে উপযুক্ত সময় ভাবা হচ্ছে বলে গত ১১ ডিসেম্বর জানিয়েছেন ইসির সচিব মো. আলমগীর।

তিনি বলেন, “কমিশন মিটিং আগামী সপ্তাহে হবে। সেখানে সিদ্ধান্তের পর তফসিল হবে। জানুয়ারির শেষ সপ্তাহ আমাদের লাস্ট ডেট, পরের সপ্তাহে যাওয়ার সুযোগ নেই। কমিশন যে সিদ্ধান্ত নেবে তখনই হবে।”

মনোনয়নপত্র দাখিলের সময়, বাছাই, প্রত্যাহার ও প্রচারণার পর্যাপ্ত সময় দিয়ে ভোটের জন্য সাধারণত ৪০ থেকে ৪৫ দিন সময় রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

২০১৫ সালে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটে ৪০ দিন সময় দেওয়া হয়েছিল।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি ভোটের ‘কাউন্টডাউন’ শুরু হয়েছে নভেম্বরের শেষ ভাগে। আগামী মে মাসের প্রথমার্ধের মধ্যে এ ভোটের আয়োজন করার বাধ্যবাধকতাও রয়েছে ইসির সামনে।

এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনায় রেখেই ভোটের জন্য একটি সুবিধাজনক তারিখ নির্ধারণ করতে হবে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটিকে।

পুরনো খবর:

ঢাকার সিটি ভোট জানুয়ারির শেষ সপ্তাহে: ইসি সচিব