২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষের আস্থা যেন আ.লীগ ধরে রাখতে পারে: কাউন্সিলে শেখ হাসিনা

টানা তৃতীয় মেয়াদের সরকারে থাকা আওয়ামী লীগ যেন মানুষের আস্থা, বিশ্বাস ধরে রাখতে পারে, জাতির পিতার স্বপ্নের দেশ গড়ার কাজ যেন এগিয়ে নিতে পারে, সেজন্য দলকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে বললেন স্বাধীনতার নেতৃত্বদাতা দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2019, 12:45 PM

Updated : 10 Oct 2022, 09:48 PM

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে কাউন্সিল অধিবেশনের সূচনা বক্তব্যে তার এই নির্দেশনা আসে।

তিনি বলেন,“আমি বলব সকলকে কাজ করতে হবে সেই চিন্তা থেকে, যে মানুষের আস্থা, বিশ্বাস অর্জন করা, এবং মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করে এবং আমরা যেন দেশ সেবা করে যেতে পারি, যেন জাতির পিতার স্বাপ্নের সোনার বাংলা আমরা গড়তে পারি।”

শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এই কাউন্সিল অধিবেশন বসে।  এই অধিবেশনেই ঠিক হবে, কারা আগামী দিনে আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন।

বাংলাদেশকে উন্নত দেশের কাতারে পৌঁছে দেওয়ার যে লক্ষ্য আওয়ামী লীগ ঠিক করেছে, সে কথা মনে করিয়ে দিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, “কিছু সুনির্দিষ্ট লক্ষ স্থির করেই আমরা পরিকল্পনা নিয়েছি। কাজেই আওয়ামী লীগকে সেইভাবেই গড়ে তুলতে হবে। ”

দশ বছরে বাংলাদেশ ‘অনেক এগিয়েছে’ মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, “আমাদের আরও অনেক দূর যেতে হবে। সেজন্য আমাদারে সংগঠনকে শক্তিশালী করতে হবে। মানুষের আস্থা অর্জন করতে হবে। সাধারণ ক্ষমতায় কেউ ক্ষমতায় আসলে পরে জনপ্রিয়তা ধরে রাখতে পারে না। কিন্তু আমরা সেটা পেরেছি। মানুষের আস্থা্, বিশ্বাস অর্জন করেছি।”

Image
ছবি: ইয়াসিন কবির জয়

ছবি: ইয়াসিন কবির জয়

আওয়ামী লীগ যে একটি আদর্শ নিয়েই এগিয়ে চলছে, সে কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগের প্রতিটা কাউন্সিলরকে এটা মাথায় রাখতে হবে, যে জাতির পিতার সেই আদর্শ নিয়ে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে।”    

এদিন কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের ৭৮টি সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের সাংগঠনিক প্রতিবেদন পেশ করবেন। পরে দলের সংশোধিত ঘোষণাপত্র ও গঠনতন্ত্র অনুমোদন করা হবে।

নিয়ম অনুযায়ী এরপর বর্তমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া। সেজন্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুনের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের অপর দুই সদস্য হলেন- উপদেষ্টা মসিউর রহমান ও সাইদুর রহমান।

দলের জ্যেষ্ঠ নেতারা সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব ও সমর্থন করবেন। পরে কাউন্সিলরদের কণ্ঠভোটে তা অনুমোদন করা হবে। নতুন কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।

সাধারণত নবনির্বাচিত সভাপতি কাউন্সিল অধিবেশনেই দলের সভাপতিমণ্ডলি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদে কারা থাকবেন সেই নাম ঘোষণা করেন। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় পরে।

আওয়ামী লীগ নেতাদের ভাষায়,তিন যুগের বেশি সময় ধরে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার এখনও কোনা ‘বিকল্প নেই’। ফলে কাউন্সিল ঘিরে যে আলোচনা তা পরের পদগুলো নিয়েই। 

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর প্রায় ছয় বছর বিদেশে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরে দলের হাল ধরেছিলেন শেখ হাসিনা। সে কথাও তিনি কাউন্সিলরদের সামনে স্মরণ করেন।  

“৮১ সালে দায়িত্ব দিয়েছিলেন। বাবা, মা, ভাই, সব স্বজন হারিয়ে এসেছিলাম। এসেছিলাম একটা লক্ষ্য নিয়েই। সব সময় একটা কথাই আমি চিন্তা করি, যে আমার বাবা তার সারাটা জীবন উৎসর্গ করেছেন এদেশের মানুষের জন্য। বার বার কারাবরণ করেছেন, জেল-জুলুম অত্যাচার সহ্য করেছেন। কিন্তু কখনও মাথা নত করেননি।

“বাঙালি জাতির ভাগ্য পরিবর্তন করা, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা, একটা উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তোলা, বাঙালি জাতিকে বিশ্বের দরবারে একটা মর্যাদা এনে দেওয়া- এটাই ছিল তার একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই তিনি দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন। কিন্তু সেই স্বাপ্নটা তিনি পুরণ করে যেতে পারেননি, মাত্র সাড়ে তিন বছর সময় হাতে পেয়েছিলেন।”

Image
ছবি: ইয়াসিন কবির জয়

ছবি: ইয়াসিন কবির জয়

দলের নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “আমার একটাই লক্ষ্য, তার সেই আকাঙ্ক্ষাটা পূরণ করা। স্বপ্নটা পূরণ করা। ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা, যেন অন্তত আমার বাবা-মায়ের আত্মাটা শান্তি পায়। আর লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের যে স্বাধীনতা, সেটা যেন বৃথা না যায়, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।”

শোষিত বঞ্চিত মানুষের অধিকার আদায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন সংগ্রামের কথা তুলে ধরে তাকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর বাংলাদেশে ‘হত্যা, ক্যু আর ষড়যন্ত্রের’ রাজনীতি শুরু হয়েছিল বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “২৯টা বছর দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের বিরুদ্ধে যত সংগ্রাম-আন্দোলন, জনগণের অধিকার প্রতিষ্ঠার যত সংগ্রাম সেটা আওয়ামী লীগই করেছে। আওয়ামী লীগই এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে।”

নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “আসুন সবাই মিলে ‘কী পেলাম, কী পেলাম না’ এই চিন্তা না করে… জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেছেন। এই স্বাধীনতা বাংলাদেশের প্রতিটা নাগরিকের ন্যূনতম যে অধিকার, তাদের যে মৌলিক অধিকার, যে অধিকারের কথা আমাদের সংবিধানে দেওয়া আছে- অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার অধিকার, সেই অধিকার দিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা মর্যাদাপূর্ণ দেশ হিসেবে আমরা যেন স্থায়ীভাবে গড়ে তুলে যেতে পারি,  সেই লক্ষ্য নিয়েই সংগঠনের প্রতিটি তৃণমূলের নেতাকর্মী কাজ করবে।”