২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মেলনের উৎসবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

কনকনে শীতের মধ্যে পরিবার নিয়ে ঢাকায় এসেছেন কুষ্টিয়ার আকরাম হোসেন; মাথায় লাল-সবুজের রঙে আঁকা ছোট্ট নৌকা।

মাসুম বিল্লাহ

কামাল তালুকদার ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2019, 02:43 PM

Updated : 10 Oct 2022, 09:48 PM

পাশে থাকা স্ত্রী আর দুই সন্তানদের পোশাকেও আছে লাল-সবুজের ছোঁয়া। সম্মেলনের কাউন্সিলর কিংবা প্রতিনিধি না হলেও উৎসবে সামিল হতে এসেছেন বলে জানালেন এই আওয়ামী লীগ কর্মী।

“দলকে ভালোবাসি। প্রতিবারের সম্মেলনে এভাবে নৌকার সাজ নিয়ে আসি। অন্যবার একা আসলেও এবার বউ আর ছেলেদের নিয়ে এসেছি,” সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি ফটকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন আকরাম।

আকরামের মতো এমন হাজার হাজার নেতা-কর্মীর উচ্ছ্বসিত করতালির মধ্যে শুক্রবার বেলা ৩টার পরপরই দলের ২১তম সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় সঙ্গীতের সঙ্গে শেখ হাসিনা জাতীয় পতাকা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর শেখ হাসিনা শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Image
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মোড়ের পাশে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনের প্রবেশপথে নেতাকর্মীদের ভিড়। ছবি: মাহমুদ জামান অভি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মোড়ের পাশে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনের প্রবেশপথে নেতাকর্মীদের ভিড়। ছবি: মাহমুদ জামান অভি

সারা দেশ থেকে সাড়ে সাত হাজার কাউন্সিলর ও সাড়ে সাত হাজার প্রতিনিধিসহ প্রায় ৬০ হাজার নেতা-কর্মী উপস্থিত এই সম্মেলনে।

দুই দিন ব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল ৩টায় শুরু হলেও সকাল থেকেই ওই এলাকায় হাজির হয়ে যান হাজার হাজার নেতাকর্মী।

উৎসবের আমেজে উদ্যানের বিভিন্ন ফটক দিয়ে সকাল ৯টা থেকে ভেতরে ঢোকার শুরু করেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।

ঢাকায় বছরের প্রথম শৈত্যপ্রবাহের মধ্যে শীতের মোটা কাপড় গায়ে জড়ালেও ত্রি-বার্ষিক এ আয়োজনের উৎসবে ভাটা পড়তে দেখা যায়নি।

ব্যান্ডদলের বাদ্যে কিংবা ’জয় বাংলা’ স্লোগানে সম্মেলনস্থল মুখর হন নেতাকর্মীরা। এরপর তাদেরকে সারি বেঁধে নিরাপত্তা দেয়াল পেরিয়ে ভেতরে প্রবেশ করতে হয়।

Image
ভিড়ে মূল সম্মেলনস্থলে ঢুকতে না পেরে বাবা কাঁধে চড়ে ঘুড়ে বেড়াচ্ছে শিশুটি। ছবি: মাহমুদ জামান অভি

ভিড়ে মূল সম্মেলনস্থলে ঢুকতে না পেরে বাবা কাঁধে চড়ে ঘুড়ে বেড়াচ্ছে শিশুটি। ছবি: মাহমুদ জামান অভি

এর মধ্যে সম্মেলন মঞ্চে চলতে থাকে উদ্বোধনী অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি। ভেতরে কাউন্সিলর-প্রতিনিধিসহ আমন্ত্রিত সবার জন্য খাবার এবং জুমার নামাজের ব্যবস্থা করার ঘোষণা দেওয়া হয় সভামঞ্চ থেকে।

সম্মেলনে যোগ দিতে কয়েক দিন আগে দেশে এসেছেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক। সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কথা হয় তার সঙ্গে।

প্রবাসী এই আওয়ামী লীগ নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়ে তোলার যে সংগ্রাম অব্যাহত রেখেছেন, নতুন নেতৃত্বের মধ্য দিয়ে তা আরও শাণিত হবে।”

বহু সাজে সজ্জিত সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের অনেকে কেন্দ্রীয় নেতাদের ছবি সম্বলিত ব্যানার নিয়ে উপস্থিত হন। লাল-সবুজে রাঙা মাফলার আর ক্যাপ ছিল অনেকের গলা-মাথায়।

দীর্ঘ সারিতে দাঁড়িয়ে উদ্যানের রমনা কালীমন্দির ফটক দিয়ে ভেতরে প্রবেশের সময় কথা হয় বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি শাখার সভাপতি ইফতেখার হোসেন বাবুলের সঙ্গে।

সম্মেলন থেকে প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশ এখন ভালো অবস্থায় আছি। দেশ আরও ভালো অবস্থায় যাক, দেশের সমৃদ্ধি-উন্নয়ন আরও বেগবান হোক এই সম্মেলনের মাধ্যমে, আমি সেটাই চাই।”

Image
আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে কর্মীরা এসেছিলেন নানা সাজে, অনেকে নিয়ে আসেন দলীয় প্রতীক নৌকা। ছবি: মাহমুদ জামান অভি

আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে কর্মীরা এসেছিলেন নানা সাজে, অনেকে নিয়ে আসেন দলীয় প্রতীক নৌকা। ছবি: মাহমুদ জামান অভি

পদ নিয়ে কথা বলতে দ্বিধা

তিন যুগের বেশি সময় ধরে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার এখনও কোনা ‘বিকল্প নেই’ বলেই তার দলের নেতাদের ভাষ্য।

শুক্রবার বিকাল ৩টায় তিনিই সোহরাওয়ার্দী উদ্যানে দুই দিনের এই সম্মেলনের উদ্বোধন করবেন। এরপর শনিবার কাউন্সিলে গঠিত হবে আগামী নেতৃত্ব। তবে সেজন্য কাউন্সিলররা তাকিয়ে আছেন তাদের ‘নেত্রীর’ দিকেই।

বরাবরের মতই  এ সম্মেলন ঘিরে নেতাকর্মীদের আলোচনায় সম্পাদক পদে কোনো পরিবর্তন আসবে কি-না, সেই প্রশ্ন ঘুরলেও সেটা নিয়ে কথা বলতে দ্বিধা রয়েছে সম্মেলনে আগত নেতাকর্মীদের মধ্যে। সাধারণ সম্পাদক পদে কোনো পরিবর্তন আসছে না বলেই ধারণা তাদের অধিকাংশের।

Image
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মোড়ের পাশে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনের প্রবেশপথে নেতাকর্মীদের ভিড়। ছবি: মাহমুদ জামান অভি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মোড়ের পাশে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনের প্রবেশপথে নেতাকর্মীদের ভিড়। ছবি: মাহমুদ জামান অভি

মহানগর উত্তরের প্রতিনিধি  অবসরপ্রাপ্ত লেফনেটেন্যান্ট কর্নেল ডা. কানিজ ফাতেমা সুলতানা বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে যোগ্য নেতৃবৃন্দ উঠে আসবে। নবীন ও প্রবীণের সমন্বয়ে যে কমিটি হবে, আমাদের নেত্রী যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন, সেটা সফল হবে।”

সাধারণ সম্পাদক পদ নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, “নেত্রী যাকে ঠিক করে দেবেন বা সবার ভোটে নির্বাচিত হয়ে আসবেন আমরা তাকে মেনে নিব। আমি সবাইকে যোগ্য মনে করি।”

এদিকে চাঁদপুর জেলার সদস্য মনির আহমদ বলেন, “নতুন নেতৃত্ব ও পুরাতন নেতৃত্ব এক হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। নতুন কেউ আসতে পারে, পুরাতনও থাকতে পারে।”

সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরই থাকছেন বলে ধারণা অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ  আওয়ামী লীগের নেত্রী দীপিকা বড়ুয়ার।

Image
সাইকেলকে সাজিয়ে গাজীপুর থেকে আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে আসেন রঙমিস্ত্রি আতিক। ছবি: মাহমুদ জামান অভি

সাইকেলকে সাজিয়ে গাজীপুর থেকে আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে আসেন রঙমিস্ত্রি আতিক। ছবি: মাহমুদ জামান অভি

“সাধারণ সম্পাদক যারা হয়েছেন, দুই টার্ম ছিলেন। ওবায়দুল কাদের শক্তিশালী ছাত্র নেতা ছিলেন, আবার আসলে তার নেতৃত্ব আরও  শাণিত হবে,” বিডিনিউজ টোয়েন্টিফোরের জিজ্ঞাসায় বলেন সিরাজুল হক।

বরগুনা জেলা আওয়ামী লীগের নেত্রী সোহেলী পারভেজ ছবি বলেন, “সাধারণ সম্পাদক পদে কে আসছেন, সেই নাম বলতে চাই না। নেত্রী যাকে ঠিক করে দিবেন, তিনি আসবেন। আর তিনি ঠিক করে না দিলে ভোটের মাধ্যমে একজনকে নির্বাচিত করব আমরা।”

দুর্ভোগ তেমন ছিল না

সোহরাওয়ার্দী উদ্যানে বড় আয়োজনের ক্ষেত্রে নগরবাসীকে যানজটের ধকল পোহাতে হলেও শুক্রবার ছুটির দিনে আওয়ামী লীগের সম্মেলন হওয়ায় তেমন চিত্র দেখা যায়নি।

সকাল থেকে বিকাল পর্যন্ত আশপাশের সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক দেখা গেছে। সকালে শাহবাগ এলাকায় কিছুটা যানজট দেখা গেলেও পরে তা কেটে যায়।

ঢাকা মহানগর পুলিশের দক্ষিণের উপ-কমিশনার (ট্রাফিক) জয়দেব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন্যান্য সমাবেশে নেতাকর্মীরা একদিনে চলে আসত; তাই আশেপাশের সড়কগুলোতে যানজট লেগে থাকত।

“কিন্তু এই সম্মেলনকে কেন্দ্র করে নেতা-কর্মীরা তিন দিন আগে থেকে ঢাকায় আসতে শুরু করে। এছাড়া শুক্রবার হওয়ায় অফিসগামী গাড়িগুলোর চলাচল ছিল না।”

ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. শাহ জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রাফিক বিভাগ থেকে ভালোভাবে প্রস্তুতি নেওয়াতে সড়কে জট পড়েনি।”

সাভার পরিবহনের হেলপার কুদ্দুস মিয়া বলেন, “সমাবেশকে কেন্দ্র করে সড়কে যানজটের আশঙ্কা করেছিলাম, কিন্তু কোনো যানজট হয়নি।”

তবে সোহরাওয়ার্দী উদ্যানের পাশে রমনা পার্কে অন্যান্য শুক্রবার অনেকে ঘুরতে এলেও এদিন এর সংখ্যা খুবই কম।