নেতৃত্বের তূণ গোছাতে সম্মেলনে আওয়ামী লীগ
বাংলাদেশকে শেখ হাসিনার প্রতিশ্রুত উন্নত বাংলাদেশের লক্ষ্যে পৌঁছে দেবে যে তারুণ্যের তীর, সেই নতুন নেতৃত্বের তূণ গোছাতে সম্মেলনে বসছে টানা প্রায় ১১ বছর দেশ শাসন করা আওয়ামী লীগ।
মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া এ দলের নেতাকর্মীরা সারা দেশ থেকে এসে শুক্রবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মিলিত হচ্ছেন তাদের একবিংশতম জাতীয় সম্মেলনে।
এই সম্মেলন এমন এক সময়ে হচ্ছে যখন সংসদে আর সংসদের বাইরে আওয়ামী লীগের সামনে বড় রকমের কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই; যখন দলকে ‘অনুপ্রবেশকারী’ ও দুর্নীতিবাজমুক্ত করার কথা বলে আসছেন দলটির শীর্ষ নেতারা; যখন শুদ্ধি অভিযানের ঝড়ে সহযোগী সংগঠনগুলোর অনেক পুরনো নেতাকে ঝরে যেতে দেখা গেছে। এবারের সম্মেলনে তাই ভাবমূর্তি পুনরুদ্ধারের চ্যালেঞ্জও থাকছে।
তিন যুগের বেশি সময় ধরে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার এখনও কোনা ‘বিকল্প নেই’ বলেই তার দলের নেতাদের ভাষ্য।
শুক্রবার বিকাল ৩টায় তিনিই সোহরাওয়ার্দী উদ্যানে দুই দিনের এই সম্মেলনের উদ্বোধন করবেন। এরপর শনিবার কাউন্সিলে গঠিত হবে আগামী নেতৃত্ব। তবে সেজন্য কাউন্সিলররা তাকিয়ে আছেন তাদের ‘নেত্রীর’ দিকেই।
বরাবরের মতই এ সম্মেলন ঘিরে নেতাকর্মীদের আলোচনায় ঘুরছে সেই প্রশ্ন- সম্পাদক পদে কোনো পরিবর্তন আসছে?
সম্মেলনের আগের দিনও সাংবাদিকরা এই প্রশ্ন রেখেছিলেন বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে, যিনি এ দায়িত্ব পালন করে আসছেন গত তিন বছর ধরে।
উত্তরে তিনি বলেন, “আল্লাহ পাক জানেন, আর নেত্রী জানেন। আমি কিছু জানি না।”
৭০ বছরের পুরনো দল আওয়ামী লীগ এবার কোন লক্ষ্য নিয়ে সম্মেলনে মিলিত হচ্ছে? ওবায়দুল কাদের বলছেন, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে এবার নতুন নেতৃত্বে জোর দেওয়া হচ্ছে।
“আমাদের এই সম্মেলনের মূল লক্ষ্য হবে গত নির্বাচনে আমাদের নেত্রী দেশ ও জাতির কাছে যে এজেন্ডা দিয়েছেন, যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি পালনে, আমাদের নেত্রীর ভিশন বাস্তবায়নের উপযোগী শক্তি হিসেবে আমরা আওয়ামী লীগের নতুন পুরাতন মিলিয়ে ঐতিহ্য এবং প্রযুক্তি মিলিয়ে, একটা ফাইন ব্যালেন্স করে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাওয়া।”
ওবায়দুল কাদেরের ভাষায়, নির্বাচনী ইশতিহারের প্রতিশ্রুতিগুলো আওয়ামী লীগ পূরণ করবে। কিন্তু সেজন্য শুধু সরকার শক্তিশালী হলে হবে না। দলকেও শক্তিশালী থাকতে হবে।
“দলকে শক্তিশালী করা, সুসংগঠিত করা… আধুনিক একটা মডার্ন, স্মার্ট একটা পার্টি হিসেবে আওয়ামী লীগকে আমরা জনগণের সামনে উপহার দেব।”
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানকে সাজানো হয়েছে। ছবি: মাহমুদ জামান অভি
স্লোগান:‘শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে গড়তে সোনার দেশ, এগিয়ে চলেছি দুর্বার, আমরাই তো বাংলাদেশ’
উদ্বোধন: বিকাল ৩টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অংশ নেবেন যারা: সারা দেশ থেকে সাড়ে সাত হাজার কাউন্সিলর ও সাড়ে সাত হাজার ডেলিগেটসহ প্রায় ৬০ হাজার নেতা-কর্মী উপস্থিত থাকার কথা রয়েছে। শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন দুই হাজার স্বেচ্ছাসেবী। গতবার বিদেশি রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হলেও এবার তার ব্যতিক্রম হচ্ছে।
প্রথম দিন: সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধনের পরপরই হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ধর্মগ্রন্থ থেকে পাঠের পর হবে শোক প্রস্তাব পাঠ। এক মিনিট নীরবতা পালনের পর অভ্যর্থনা উপ-পরিষদের আহ্বায়ক বক্তব্য দেবেন। সাধারণ সম্পাদক পেশ করবেন দলের প্রতিবেদন। এরপর সভাপতির বক্তব্য আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে প্রথম দিনের কর্মসূচি।
দ্বিতীয় দিন: শনিবার সকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করবেন শেখ হাসিনা। এরপর শুরু হবে রূদ্ধদ্বার কাউন্সিল। গঠনতন্ত্রের সংশোধনী পাস হবে সেখানে। বিকালে ঘোষণা হবে নতুন নেতৃত্ব।
নির্বাচন কমিশন: কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য দলের উপদেষ্টা পরিষদের তিন সদস্যের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে কমিটির অপর দুই সদস্য হলেন মশিউর রহমান ও সাইদুর রহমান।
আগের সম্মেলন: আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন হয়েছিল ২০১৬ সালের ২২-২৩ অক্টোবর। সেই কমিটির মেয়াদপূর্তির দুই মাসের মাথায় এবারের সম্মেলন হচ্ছে।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানকে সাজানো হয়েছে। ছবি: মাহমুদ জামান অভি
২০১৪ সালের বিএনপিবিহীন নির্বাচনে আরও পাঁচ বছরের জন্য দেশ শাসনের ভার পাওয়া আওয়ামী লীগ সম্মেলনে বসেছিল দুই বছর পর, ২০১৬ সালে। সেখানে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের ছাড়াও বেশ কিছু নতুন মুখ এসেছিল কেন্দ্রীয় কমিটিতে।
এরপর ২০১৮ সালের শেষে একাদশ সংসদ নির্বাচনে অভাবনীয় জয়ে নিরঙ্কুশ শক্তি নিয়ে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ। কিন্তু তৃতীয় মেয়াদের প্রথম বছরে একটি বড় ধাক্কা হয়ে আসে ক্যাসিনোকাণ্ড আর শুদ্ধি অভিযান। দলে ‘অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত করে সারা দেশে কয়েক হাজার নেতাকর্মীর তালিকাও প্রকাশ করা হয়।
এখন যারা দায়িত্ব নেবেন তাদের ওপরই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের কর্মসূচি সফলভাবে শেষ করার ভার পড়বে।
সেজন্য কেমন নেতৃত্ব চাইছেন সম্মেলনে যোগ দিতে তৃণমূল থেকে ঢাকায় আসা কাউন্সিলররা?
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ্ঞাবহ নেতা আমরা চাই না, যারা তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করবে, আমরা তেমন নেতৃত্বই চাই। আওয়ামী লীগকে গতিশীল করতে সাংগঠনিকভাবে দক্ষ ও দলের ভাবমূর্তি ধরে রাখতে পারবে এমন নেতৃত্ব আমরা চাই। এটাই আমাদের প্রত্যাশা।”
চট্টগাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানও এমন নেতৃত্ব চান, যারা সব সময় তৃণমূলের নেতাকর্মীদের পাশে থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয়বার ক্ষমতায় আসায় দেশে যে উন্নয়ন, অর্জন হয়েছে সেটাকে অব্যাহত রাখতে এবং দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করতে বলিষ্ঠ ভূমিকা রেখে মোকাবিলা করবে- এমন নেতৃত্ব আমরা চাই।”
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শেষ মুহূর্তের প্রস্তুতি কাজ চলছে। ছবি: মাহমুদ জামান অভি
দিনাজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মাইকেল বলেন, “নেত্রী নতুন রক্তের সঞ্চালন করেছেন, দলে যেন নতুন বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয় এটাই আমাদের প্রত্যাশা। তৃণমূল চায় নতুন রক্তের নতুন নেতৃত্ব, যারা সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে।”
এবারের সম্মেলনে সবচেয়ে বড় পরিবর্তন যেটা আসছে, তা হল কেন্দ্রীয় বিভাগীয় উপ-কমিটির সহ-সম্পাদক পদটি বিলুপ্ত করা হচ্ছে। দীর্ঘ সময়ে তৃণমূল নেতাদের অভিযোগের ভিত্তিতেই এটা হচ্ছে।
নতুন কমিটিতে কেন্দ্রীয় বিভাগীয় উপ-কমিটিতে একজন সভাপতি, একজন সদস্য সচিব এবং পাঁচজন করে সদস্য থাকবেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ৪১ জন থেকে বাড়িয়ে ৫১ জন করা হবে এবার।
আওয়ামী লীগের বর্তমান কমিটি কতটুকু সফল হয়েছে- এ প্রশ্নে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “সফলতার পাশাপাশি আমাদের ব্যর্থতাও আছে। সফলতা-ব্যর্থতার বিষয়টি বিবেচনা করবে আওয়ামী লীগের কর্মীরা। সর্বোপরি দেশের জনগণই সফলতা-ব্যর্থতার বিচার করবে।
“আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নবতর পথযাত্রার সূচনা করব এই সম্মেলনের মধ্য দিয়ে।”
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের মঞ্চের উপরে স্থান পেয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মডেল। ছবি: মাহমুদ জামান অভি
জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে সব প্রস্তুতি শেষ করেছে আওয়ামী লীগ। সোহরাওয়ার্দী উদ্যানে প্রস্তুত হয়েছে সম্মেলন মঞ্চ। তবে গতবারের মত এবার আর পুরো রাজধানী সাজানো হয়নি।
ক্ষমতাসীন দলের এই সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। ঠিক করে দেওয়া হয়েছে গাড়ি রাখার জায়গা।
# সম্মেলস্থল সোওরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ পাশে যে মঞ্চ তৈরি হয়েছে, তার পশ্চাদপটে থাকছে দলীয় নির্বাচনী প্রতীক নৌকার আবহ। আর সামনের দিকে থাকছে পদ্মা সেতুর প্রতীকী উপস্থাপনা। আর উপরে বঙ্গবন্ধু স্যাটেলাইট।
# সাজসজ্জার দায়িত্বে থাকা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক জানান, এবারের মূল মঞ্চ ১৫০ ফুট দৈর্ঘ্য, ১৪০ ফুট প্রস্থ আর ২৮ ফুট উচ্চতার। আওয়ামী লীগের সম্মেলনের ইতিহাসে এটাই সবচেয়ে বড় মঞ্চ।
# মঞ্চের পূর্ব পাশে আওয়ামী লীগের ৭৮টি স্ট্যান্ডে উড়বে সাংগঠনিক জেলা কমিটির নেতাদের দলীয় পতাকা।
# দলীয় সভাপতি শেখ হাসিনাসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা মঞ্চে বসবেন। পশ্চিম দিকে আরেকটি মঞ্চ করা হয়েছে সাংস্কৃতিক পরিবেশনার জন্য।
# উদ্যানের উত্তরের ফটকে তৈরি করা হয়েছে একটি তোরণ। অন্য পাঁচটি প্রবেশপথ রঙিন পতাকায় সাজানো হয়েছে। উদ্যানের প্রবেশের পথ থেকে মঞ্চ পর্যন্ত শোভা পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার ছবি।
# মঞ্চের সামনে ও প্যান্ডেলের চারপাশে আওয়ামী লীগের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে চিত্রকর্ম প্রদর্শনের ব্যবস্থা হয়েছে।
# মঞ্চ ও আশপাশে ২৮টি এলিডি পর্দায় অনুষ্ঠান দেখার ব্যবস্থা হয়েছে। উদ্যান এলাকায় থাকছে ওয়াইফাই। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ফেইসবুক ও ইউটিউবে লাইভ করবে সিআরআই।
# এবার সম্মেলন ঘিরে সারা দেশ থেকে আসা ৪৫ হাজার নেতা-কর্মীর আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। আট বিভাগের জন্য মোট ১০টি বুথ থেকে খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
# সম্মেলনে আসা প্রতিনিধিদের উপহার হিসেবে দিতে আনা হয়েছে ২৫ হাজার পাটের ব্যাগ। প্রতিটি ব্যাগে আওয়ামী লীগের ইতিহাস সম্বলিত স্মরণিকা, শোকপ্রস্তাব, দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের ভাষণ এবং গঠনতন্ত্র ও ঘোষণাপত্র থাকবে। সেই সঙ্গে থাকবে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্রের একটি পকেটবুক, আওয়ামী লীগের উন্নয়ন ও বিএনপি-জামায়েতের নেতিবাচক রাজনীতির দুটি ডিভিডি, দুটি চকলেট ও একটি পানির বোতল।
২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে ১১টি উপ-কমিটি প্রায় দুই মাস ধরে এই প্রস্তুতি সেরেছে। এবারের সম্মেলনে প্রায় ৪ কোটি টাকা বাজেট ধরা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও উপ-কমিটির আহ্বায়ক কাজী জাফর উল্যাহ।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের সময়কার ছবি ও বঙ্গবন্ধুর ছবি নিয়ে সাজানো হয়েছে। ছবি: মাহমুদ জামান অভি
১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগের প্রতিষ্ঠা। প্রতিষ্ঠাকালে মাওলানা আবদুল হামিদ খান ভাসানী সভাপতি এবং শামসুল হক সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।
১৯৫২ সালে শেখ মুজিবুর রহমান সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। পরের বছর ঢাকার 'মুকুল' প্রেক্ষাগৃহে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সম্মেলনে বঙ্গবন্ধুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
আওয়ামী মুসলিম লীগ নামে যাত্রা শুরু করলেও অসাম্প্রদায়িক চেতনায় ১৯৫৫ সালের কাউন্সিলে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়। নতুন নাম হয়-‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’। স্বাধীনতার পর ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নাম নেয় দলটি।
প্রতিষ্ঠার পর থেকে রাজনৈতিক সংগ্রাম, যুক্তফ্রন্ট গঠন ও ১৯৫৪ সালের নির্বাচনে বিজয়সহ বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে ৫০ এর দশকেই আওয়ামী লীগ হয়ে ওঠে পূর্ব পাকিস্তানের প্রধান রাজনৈতিক শক্তি। তবে প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল হামিদ খান ভাসানী রাজনৈতিক মতভিন্নতার জন্য ১৯৫৭ সালে দল ছেড়ে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করেন।
এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘসময় এই দলটি সামরিক শাসনবিরোধী আন্দোলন করে জনগণের মধ্যে আস্থার স্থান তৈরি করে। ১৯৬৬ সালে ছয় দফা দেন বঙ্গবন্ধু, যাকে বাঙালির মুক্তির সনদ নামে অভিহিত করা হয়। ছয় দফার ভিত্তিতেই ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে।
এরপর পাকিস্তানি বাহিনী আক্রমণ শুরু করলে আওয়ামী লীগের নেতৃত্বেই শুরু হয় মুক্তিযুদ্ধ। কারাবন্দি বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর বিশ্ব মানচিত্রে অভ্যূদয় ঘটে বাংলাদেশের।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা এবং ৩ নভেম্বর কারাগারের অভ্যন্তরে চার জাতীয় নেতাকে হত্যার পর সামরিক শাসনের নির্যাতন আর নিপীড়নের মধ্যে পড়ে ঐতিহ্যবাহী এই সংগঠনটি। নেতাদের মধ্যেও দেখা দেয় বিভেদ।
১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দলীয় সভাপতি হিসাবে দেশে ফিরে কয়েকভাগে বিভক্ত আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেন, আন্দোলন শুরু করেন সামরিক শাসক এইচ এম এরশাদের বিরুদ্ধে।
২১ বছর পর ১৯৯৬ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে। পাঁচ বছর শাসনের পর ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হয়। কিন্তু, দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, কারচুপির মাধ্যমে তাদের হারানো হয়েছে।
পরবর্তীতে দেশে রাজনৈতিক সঙ্কটের পর ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়ী হয়ে পুনরায় সরকার গঠন করে। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতাসীন হয়।
আর ২০১৮ সালের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে টানা তৃতীয় বারের মত ক্ষমতায় আসে আওয়ামী লীগ।
