আ. লীগের সম্মেলনে আমন্ত্রণ পেলেন বিএনপির ৪ নেতা
ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে অতিথি হওয়ার আমন্ত্রণ পেয়েছেন বিএনপি মহাসচিবসহ চার নেতা।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য জিয়াউদ্দিন আহমেদ ভূঁইয়া (শিপু) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে চারটি আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
বিএনপি নেতাদের পক্ষে দলের সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজউদ্দিন নসু আমন্ত্রণপত্রগুলো গ্রহণ করেন।
তিনি বলেন, তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ ও মির্জা আব্বাসের নামে চারটি কার্ড এসেছে তার কাছে।
আওয়ামী লীগের পক্ষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরে ওই আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
শুক্রবার সকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন বসছে।
