ফখরুলের বক্তব্য ‘আমি কলা খাইনি’র মতো: জাসদ
রাজাকারসহ স্বাধীনতাবিরোধীদের তালিকাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সমালোচনা করেছে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজাতন্ত্রিক দল-জাসদ।
মঙ্গলবার দলটির এক বিবৃতিতে বলা হয়, বিএনপি মহাসচিবের বক্তব্যের মধ্যেই ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি’র মতো রাজনৈতিক অবস্থানের বহিঃপ্রকাশ ঘটেছে।
মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করে তৈরি স্বাধীনতাবিরোধীদের এই তালিকা নিয়ে সমালোচনার মধ্যে জাসদ সভাপতি ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এ বিবৃতি দেন।
এই তালিকা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানালেও সদ্য প্রকাশিত ‘রাজাকারের খসড়া তালিকায়’ মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করায় অবিলম্বে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন তারা।
জাসদ নেতারা বলেন, “দীর্ঘ বিলম্ব হলেও রাজাকারের তালিকা প্রকাশের উদ্যোগ প্রশংসনীয়। রাজাকারদের তালিকা প্রকাশ আমাদের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সত্য প্রতিষ্ঠার পথে একটি বলিষ্ঠ পদক্ষেপ।
“মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত রাজাকারের খসড়া তালিকার মধ্যে যে ভুল-ত্রুটি-গোঁজামিল রয়েছে তা অবশ্যই চূড়ান্ত তালিকা প্রকাশের পূর্বেই সংশোধন করতে হবে। প্রকাশিত রাজাকারের খসড়া তালিকায় গাফিলতি ও ভূলবশত যে মহান মুক্তিযোদ্ধা ও শহীদদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তার জন্য অবিলম্বে সেই মুক্তিযোদ্ধা ও শহীদদের পরিবার এবং দেশবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”
বিজয় দিবসের দিবসের আগের দিন ‘একাত্তরের রাজাকার, আল-বদর, আল-শামস ও স্বাধীনতাবিরোধীদের প্রথম তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। ১০ হাজার ৭৮৯ জনের ওই তালিকায় গেজেটভুক্ত অনেক মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠকের নাম থাকায় দেশজুড়ে সমালোচনা চলছে।
তালিকায় যুদ্ধাপরাধ আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা গোলাম আরিফ টিপুর নামও রয়েছে। বিতর্কিত তালিকাটি তৈরিতে জড়িতদের খুঁজে বের করার দাবি জানিয়েছে প্রসিকিউশন।
বিবৃতিতে জাসদ নেতারা বলেন, তালিকা প্রণয়নে আমলাতান্ত্রিক পদ্ধতি অনুসরণ না করে ‘১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার কর্তৃক জারি করা রাজাকার অধ্যাদেশের’ গেজেট, দালাল আইনে রাজাকার ও পাকিস্তানের দালাল হিসাবে চিহ্নিত গ্রেপ্তারকৃতদের তালিকা, গণহত্যা-গণধর্ষণ-নির্যাতন-লুটপাট-অগ্নিসংযোগের অপরাধে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা, তদন্ত, বিচার, শাস্তি হয়েছিল সেই তালিকা অনুসরণ করতে হবে।
তালিকা প্রণয়নে ওই সময়ে প্রকাশিত দৈনিক সংগ্রামসহ পাকিস্তানপন্থি সংবাদপত্রে রাজাকার বাহিনী ও শান্তি কমিটির কার্যক্রম নিয়ে প্রকাশিত প্রতিবেদন; স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়া জামায়াত, মুসলীম লীগ, নেজামে ইসলামী, ইসলামী ছাত্র সংঘসহ রাজনৈতিক ও সংগঠনগুলোর তৎকালীন কেন্দ্রীয়, জেলা, মহকুমা, থানাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, সদস্যবৃন্দের তালিকা অনুসরণের পাশাপাশি মুক্তিযোদ্ধাসহ মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, সাংবাদিক এবং জনগণের মতামত নেওয়ার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও সরকারের প্রতি আহ্বান জানান তারা।
