২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যত প্রভাবশালী হব, শত্রুও তত বাড়বে: জি এম কাদের

এরিককে নিয়ে তার মা বিদিশার তৎপরতার প্রেক্ষাপটে এইচ এম এরশাদের ভাই জি এম কাদের বলেছেন, রাজনীতিতে প্রভাব বাড়লে শত্রুও বাড়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2019, 08:42 PM

Updated : 18 Aug 2022, 06:09 PM

এরশাদের বাড়িতে তার সাবেক স্ত্রী বিদিশার ‘অনুপ্রবেশে’ এরিকের জানমালের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে থানায় জিডি দায়েরের পর নিজের অবস্থান ব্যাখ্যা করে রোববার সংবাদ সম্মেলন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের।

তার আগে বিদিশা ওই বাড়িতে ‘জোর করে ঢুকে’ পড়ার পর এরিক তার চাচা কাদেরের দিক থেকে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে থানায় জিডি করেছিলেন।

বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এরিককে নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে জি এম কাদের বলেন, তার ভাতিজা শাহতা জারাব এরিকের বিষয়ে যেসব প্রশ্ন ও বিতর্ক উঠেছে, তা ‘যথাযথভাবে নিষ্পত্তি’ করা হবে।

পারিবারিক বিষয়গুলো পারিবারিকভাবে মিটমাটের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “আমরা এগুলো যথাযথ প্রক্রিয়ায় নিষ্পত্তি করব। মিডিয়ার সামনে এ নিয়ে কথার কোনো প্রয়োজন নাই।”

গত জুলাইয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের মৃত্যুর পর ছেলে এরিককে নিজের কাছে রাখতে চাইছিলেন মা বিদিশা। এরশাদের বারিধারার ফ্ল্যাটে থাকা অটিস্টিক এরিককে ‘চরম অবহেলা করে তার স্বাস্থ্যের অবনতি ঘটানো হয়েছে’বলে অভিযোগ তার।

এরপর গত ১৪ নভেম্বর বিদিশা বারিধারার ওই বাড়ি ‘প্রেসিডেন্ট পার্কে’ উঠে ছেলের সঙ্গেই থাকছেন। চার দিন পর গুলশান থানায় জিডি করেন এরিক।

Image
মায়ের সঙ্গে এরিক (ফাইল ছবি)

মায়ের সঙ্গে এরিক (ফাইল ছবি)

ওই জিডির পর নড়েচড়ে বসে এরিকের দেখভালের দায়িত্বে থাকা ট্রাস্টের সদস্যরা, যে ট্রাস্ট এরশাদ জীবদ্দশাতেই গঠন করে গিয়েছিলেন।

প্রেসিডেন্ট পার্কে বিদিশার অবস্থানের কারণে এরিকের জানমালের ক্ষতির শঙ্কা জানিয়ে গুলশান থানায় জিডি করেন এই ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদ আখতার।

তার আগে সংবাদ সম্মেলন করে বিদিশা অভিযোগ করেন, এরিকের সম্পত্তি ভোগদখল করার জন্য জি এম কাদের ‘রাজনীতি করছেন’।

দলে কর্তৃত্ব নিয়ে এরশাদের প্রথম স্ত্রী রওশন এরশাদের সঙ্গে জি এম কাদেরের বিবাদের সময় বিদিশা কাদেরের পক্ষেই ছিলেন, কিন্তু এখন তার মূল অভিযোগ কাদেরেরেই বিরুদ্ধে।

এ বিষয়ে কাদের বলেন, “আমি কাউকে কাদা ছুড়ে মারি না।  আমি রাজনীতি করি। রাজনীতি করতে গেলে হান্ড্রেড পারসেন্ট মানুষের সমর্থন বা হান্ড্রেড পারসেন্ট আমার পক্ষে কথা বলবে, এটা আশা করা বাতুলতা।

“আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, বাইরের লোক আমার জন্য জীবন দেবে, আবার  ক্লোজ মানুষও আমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। এটা কোনো বিষয় নয়।”

বিদিশার অভিযোগ নিয়ে ‘একদম ভাবতে চান না’ ভাইয়ের দলের নেতৃত্বে আসা কাদের।

তিনি বলেন, “আমাকে সামনের রাস্তায় দাঁড়িয়ে কে গালাগালি করল, তা নিয়ে যদি আমাকে ভীষণভাবে মগ্ন থাকতে হয়… তাহলে দেশের জন্য জাতির জন্য কাজ করা আমার পক্ষে সম্ভব নয়।

“আমার সমালোচনা হবে, শত্রু সৃষ্টি হবে, এটি হল শক্তির লক্ষণ, এটি হল প্রভাবের লক্ষণ। আমি যত প্রভাবশালী হব, আমার শত্রুও তত বাড়বে। তার মানে সংখ্যা বাড়বে, তা বলছি না, তীব্রতা বাড়বে। এটি হল নেতা হওয়ার, দায়িত্ব নেওয়ার বড় বোঝা। তার সঙ্গে শত্রুতা আর বৈরিতাকে বইতে হবে।”

পুরনো খবর:

এরিককে নিয়ে জি এম কাদেরের বিরুদ্ধে বিদিশার অভিযোগ
মায়ের সঙ্গে থাকতে থানায় এরিকের জিডি
জি এম কাদেরকে ‘বাধা’ বলছেন বিদিশা, অপরপক্ষে মামলার হুমকি
প্রেসিডেন্ট পার্কে থাকতে পারবেন না বিদিশা: খালেদ