২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঞ্জাল পরিষ্কার চলছে: কাদের

দুর্নীতিবাজ নেতাদের ‘আগাছা-পরগাছা’ আখ্যায়িত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দীর্ঘদিন ধরে জমে থাকা এসব জঞ্জাল পরিষ্কার করতেই টানা সম্মেলন দেওয়া হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2019, 05:18 PM

Updated : 18 Aug 2022, 06:09 PM

সম্প্রতি সম্মেলনের মাধ্যমে যুবলীগসহ আওয়ামী লীগের বেশ কয়েকটি সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃত্ব বদলে ফেলা হয়েছে।

রোববার রাজধানীর কমলাপুরে বিআরটিসি বাস ডিপোতে এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, “দীর্ঘদিনের যে জঞ্জাল, যে আগাছা-পরগাছা সেটা পরিষ্কার করার প্রক্রিয়া আমাদের অব্যহত রয়েছে। ঢাকায় আমরা পাঁচটি সহযোগী সংগঠনের সম্মেলন করছি। ক্লিন ইমেজের নেতৃত্ব দিয়েছি। জেলা পর্যায়ে, ৭০টির মত উপজেলা পর্যায়ের সম্মেলন হয়েছে। আমরা ক্লিন ইমেজের নেতৃত্ব উপহার দিচ্ছি।

“আমাদের এবার যেটা পরিকল্পনা প্রথমত প্রেসিডেন্ট-সেক্রেটারি হওয়া, এরপর ফুল কমিটি যখন হবে সেটা আমরা যাচাই-বাছাই করে দেখব।”

তিনি বলেন, “অভিযোগ আসলে আমরা যাচাই বাছাই করে দেখব, অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া হবে। যাদের ব্যাপারে পার্টির সভাপতি শেখ হাসিনার নির্দেশ আছে, আমাদের কাছে সারা বাংলাদেশে অনুপ্রবেশকারীর মধ্যে যারা বিতর্কিত সম্প্রদায়িক সংশ্লিষ্টতার অভিযোগ আছে, এটা আমি পরিষ্কার বলতে চাই।

“প্রধানমন্ত্রী তালিকা সব বিভাগীয় সব দায়িত্বপ্রাপ্তদের হাতে তুলে দিয়েছেন। অভিযোগ আমরা তদন্ত করে দেখব, অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তার আওয়ামী লীগে থাকার কোনো অধিকার থাকবে না।”

নেতাকর্মীদের চাঙ্গা রাখতে বিএনপি নেতারা কথামালার চাতুরি দিয়ে সরকারের বিরুদ্ধে লাগামহীন বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের।

“বিএনপি এমন একটা দল, সর্ব বিষয়ে সর্বক্ষেত্রেই তারা ব্যর্থ। তারা একটা আন্দোলনও করতে পারেনি, নিজের দলের চেয়ারম্যান এতদিন জেলে, তার জন্য চোখে পড়ার মত কোনো মিছিল তারা করতে পারেনি। তারা নির্বাচনে, আন্দোলনে ব্যর্থ হয়ে, এখন সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে।

“আজকে বড় নেতারাই বিএনপির নেতৃত্বের বিরুদ্ধে খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে কর্মসূচি দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ আনছে। তাদের নিজেদের ঘরের কর্মীদের হাজারো প্রশ্ন তাদের নেতৃত্বের ব্যর্থতা নিয়ে। শুধু তারা কথা মালার চাতুরি, নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য সরকার বিরোধী লাগাম ছাড়া মিথ্যাচার তাদের প্রাতিনিয়তই তাদের রাজনীতি।”

পরে ওবায়দুল কাদের ১০টি বিআরটিসি বাস প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নয়টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে হস্তান্তর করেন।

এসময় বিআরটিসির চেয়ারম্যান মো. এহছান এলাহী উপস্থিত ছিলেন।