ক্যান্সার আক্রান্ত খোকার জন্য বিএনপির দোয়া মাহফিল
ক্যান্সারে আক্রান্ত দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার জন্য দোয়া চেয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।
শুক্রবার জুমআর নামাজের পর ঢাকার বিভিন্ন থানার মসজিদে মসজিদে এবং বাদ আসর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা কেউ ভালো নেই, সবাই নিপীড়ন-নির্যাতনের শিকার, মামলার শিকার। খোকা ভাইসহ তার পরিবারের সবার বিরুদ্ধে মামলা দিয়েছে।
“তিনি আজ গুরুতর অসুস্থ। গত ২৯ তারিখে তার সাথে আমার কথা হয়েছে। যখন কথা বলি- তিনি কথা বলতে পারছিলেন না। শুধু বললেন, সবাইকে বলবেন, আমার জন্য দোয়া করতে।”
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল বলেন, “দেশ ও জাতির ক্রান্তিলগ্নে এই অন্ধকার সময়ে খোকা ভাইয়ের মতো একজন সাহসী ও দেশপ্রেমিক নেতা ও বলিষ্ঠ সংগঠক আমাদের ভীষণ প্রয়োজন। মহান আল্লাহর কাছে দোয়া করব, উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”
মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের পরিচালনায় দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়ও বক্তব্য রাখেন।
বিএনপি নেতা রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস ও এহছানুল হক মিলনসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতা-কর্মী অংশ নেন। নিচতলার ফুটপাত ও সড়কের মাদুর বিছিয়ে সহাস্রাধিক কর্মী-সমর্থক বিশেষ মোনাজাতে অংশ নেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যানহাটনের মেমোরিয়াল স্নোন ক্যাটারিং ক্যান্সার সেন্টারে ক্যান্সারের আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন খোকা। গত ১৮ অক্টোবর অবস্থা অবনতি ঘটলে তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়।
২০১৪ সালের ১৪ মে কিডনি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য নিউইয়র্ক যান তিনি। তখন থেকে চিকিৎসকের পরামর্শে নিউইয়র্ক সিটির কুইন্সে থাকছেন তিনি।
