সরকারের ‘চাটুকারিতা’ রাজনৈতিক জোটের কাজ নয়: আম্বিয়া
ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেছেন, সরকারের ‘চাটুকারিতা’ করা কোনো রাজনৈতিক জোটের কাজ হতে পারে না।
জাসদের ৪৭তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
স্বাধীনতার এক বছরের মাথায় ১৯৭২ সালে আওয়ামী লীগ থেকে বেরিয়ে একদল নেতা জাসদ গঠন করেন। এম এ জলিলকে আহ্বায়ক ও আ স ম আব্দুর রবকে যুগ্ম আহ্বায়ক করে সাত সদস্যের কমিটির ঘোষণা হয়েছিল ৩১ অক্টোবর।
এরপর বিভিন্ন সময় ভাঙন দেখা যায় দলটিতে। বিভক্ত অংশগুলো ঐক্যবদ্ধ হয়ে আবারও ভাঙনের মুখে পড়ে।
সর্বশেষ ২০১৬ সালের ১২ মার্চ জাসদের জাতীয় কাউন্সিলে দুই ভাগ হয় দলটি। হাসানুল হক ইনু ও শিরীন আখতার নেতৃত্বাধীন অংশ জাসদ হিসেবে ইসির স্বীকৃতি পাওয়ার পর অপর অংশটি বাংলাদেশ জাসদ নামে আলাদা দলের স্বীকৃতি চায়। তবে তাদের নিবন্ধন দেয়নি ইসি।
জাসদের এই দুই অংশই এখন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের অন্যতম শরিক।
শরীফ নুরুল আম্বিয়া প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বলেন, “আমরা ১৪ দলে আছি, জননেত্রী শেখ হাসিনাকে আমরা সম্মান করি। তবে ১৪ দলের রাজনৈতিক লক্ষ্য নির্ধারণ করা উচিত। শুধু সরকারের চাটুকারিতা করা কোনো রাজনৈতিক জোটের কাজ হতে পারে না।”
নির্বাচন কমিশন নিয়ে তিনি বলেন, “নিবন্ধনের নামে রাজনীতি ও নির্বাচন নিয়ন্ত্রণ তাদের কাজ হওয়া উচিত না। যে আদর্শ ও মূল্যবোধের ভিত্তিতে ৩০ লক্ষ শহীদের আত্মদানের বিনিময়ে জনগণ সশস্ত্র যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, তা এখনো বাস্তবায়ন হয়নি।”
একাদশ জাতীয় নির্বাচন দেশ ও জাতিকে ‘বিষন্ন করেছে’ মন্তব্য করে শরীফ নুরুল আম্বিয়া বলেন, এই ‘ভুল কৌশলের’ খেসারত দিতে হবে।
দেশে শোষণ, লুণ্ঠন ও চাঁদাবাজদের দৌরাত্ম্যে এবং আইনের শাসনের অভাবে জনগণ যখন জর্জরিত তখন প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযান জনমনে আশার সঞ্চার করেছে বলে মনে করেন তিনি।
“লুণ্ঠন-অনাচারের গডফাদারদের ধরা না হলে জনগণ হতাশ হবে।”
সাম্প্রদায়িক সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে মন্তব্য করে তিনি বলেন, “সাম্প্রদায়িক সন্ত্রাসীরা দুর্বল হলেও শেষ হয়নি, তারা আন্তর্জাতিক চক্রের সহযোগিতায় চক্রান্ত করতে পারে। তাদের বিরুদ্ধে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “জাসদের জন্ম কোনো আকস্মিক বিষয় নয়। মুক্তিযুদ্ধের সময় সমতা, সামাজিক ন্যায়বিচার, মানবিক মর্যাদার যে আকাঙ্ক্ষা তীব্র হয়ে উঠেছিল তাকে প্রতিনিধিত্ব করেই জন্ম হয়েছিল জাসদের। জাসদের সাথে ওয়ার্কার্স পার্টির সম্পর্ক দীর্ঘদিনের। ১৯৭৪ সাল থেকে তিন দলের ঐক্য থেকে শুরু করে আজ পর্যন্ত ১৪ দলের ঐক্যে আমরা একসাথে লড়ছি।”
তিনি বলেন, “বাংলাদেশ অনেক দূর এগিয়েছে কিন্তু মানুষ অনেক পিছিয়েছে।”
ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, “মুক্তিযুদ্ধের নেতৃত্বের উল্লেখযোগ্য অংশই জাসদ গঠন করে। উপস্থিত আপনারাই প্রমাণ করেছেন বাংলাদেশ জাসদ নেতাদের দল নয়, কর্মীদের দল। বাংলদেশ এক কঠিন সময় পার করছে। মুক্তিযুদ্ধের অর্জন অনেকটাই বেহাত হয়ে গেছে।”
শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে এবং দলটির সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফছিরের পরিচালনায় আলোচনা সভায় সাংবাদিক আবু সাঈদ খান, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেনসহ আরও অনেকে বক্তব্য দেন।
