২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেনন দুঃখ প্রকাশ করেছেন, ব্যস মিটে গেছে: হাসিনা

একাদশ সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে দেওয়া বক্তব্যের বিষয়ে রাশেদ খান মেনন দুঃখ প্রকাশ করায় এবং ১৪ দলীয় জোট সন্তুষ্ট হওয়ায় বিষয়টি ‘মিটে গেছে’ বলে জানিয়েছেন শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2019, 11:03 PM

Updated : 18 Aug 2022, 05:59 PM

ন্যাম সম্মেলনে অংশগ্রহণ নিয়ে মঙ্গলবার গণভবনে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “উনি দুঃখ প্রকাশ করেছেন। ১৪ দল সিদ্ধান্ত নিয়েছে। ব্যস ওখানেই মিটমাট। আমার তো এখানে কিছু বলার নেই।”

গত ১৯ অক্টোবর বরিশালে এক দলীয় সভায় একাদশ সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন, যিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে গত তিন নির্বাচনে বিজয়ী হয়েছেন।

মেনন বলেছিলেন, “আমিও নির্বাচিত হয়েছি। তারপরও আমি সাক্ষ্য দিচ্ছি, ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।”

নাম উল্লেখ না করে আওয়ামী লীগ জোট শরিক দলের নেতা মেননের এই বক্তব্য ঘিরে বিএনপির প্রতিক্রিয়া নিয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন একজন সাংবাদিক।

জবাবে শেখ হাসিনা বলেন, “আমাদের একজন নেতা বলে ফেলেছেন। হ্যাঁ, তার তো দুঃখ হতেই পারে। কারণ তিনি জেনে হোক, অজান্তে হোক, যেভাবে হোক কোন ক্লাবে তাকে চেয়ারম্যান করা হয়েছে সেই এলাকার এমপি হিসেবে।

“স্বাভাবিকভাবে যখন কিছু তথ্য এসেছে। তিনি কিছু কথা বলেছেন। তিনি ভুলে গেছেন যে, তিনিও নির্বাচন করে জয়ী হয়ে এসেছেন। নির্বাচন নিয়ে প্রশ্ন তুললে তার নির্বাচন (নির্বাচিত) হওয়াটাও প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তা সেটা তখন তিনি বুঝে বলেছেন, না বুঝে বলেছেন তা আমি জানি না।”

Image
রাশেদ খান মেনন (ফাইল ছবি)

রাশেদ খান মেনন (ফাইল ছবি)

মেননের নেতৃত্বাধীন ওয়ার্কার্স পার্টি এক যুগ ধরে আওয়ামী লীগের সঙ্গে ১৪ দলীয় জোটে রয়েছে। ঢাকা-৮ আসনে জোটের প্রার্থী হিসেবে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে গত তিনটি নির্বাচনে বিজয়ী হন মেনন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বিগত সরকারে মন্ত্রীও ছিলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “তিনি যেটা বলেছেন, উনি সেটা সব সময়ই…ছাত্র রাজনীতি থেকে তো আমরা একসঙ্গে রাজনীতি করে আসছি। তো ’৭০ এর নির্বাচনের আগে বলেছিলেন যে, ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। ভোটের বাক্সে লাথি মারলে বাংলাদেশ আসলে কোনো দিন স্বাধীন হত না।

“যখন ইন্দিরা-মুজিব চুক্তি হল (স্থল সীমানা চুক্তি), তখন বলল, বেরুবাড়ি বেঁচে দিল। আজকে যখন স্থল সীমানা চুক্তি বাস্তবায়ন হয়ে গেল তখন দেখা গেল, বেরুবাড়ি বেঁচে দেয়নি।”

শেখ হাসিনা বলেন, “কাজেই এ রকম বহু ভাষণ আমার শোনা আছে। কিছু কিছু রাজনীতিবিদ আছে একটু সুন্দর করে বলতে শুরু করে। বলে তো আপনাদের ভালো করতেছে। সাংবাদিকদের ভালো করতেছে। আপনারা লেখার একটা খোরাক পাচ্ছেন। না হলে তো কিছু পেতেন না। না হলে কী লিখতেন, বলেন?”

চিঠি দিয়ে ব্যাখ্যা চাওয়া হলে মেনন নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বলে ১৪ দলীয় জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিম জানিয়েছেন।

জোটনেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, “তারপর ১৪ দল বসছে। ১৪ দল থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে। আমাকে জিজ্ঞেস করেছে নাসিম ভাই যে, আমার কোনও মতামত আছে কি না? না, আমার তো কোনও মতামত নেই। আমি কারোর বিরুদ্ধে কিছু বলতে চাই না। আপনারা বসে সিদ্ধান্ত নেন।

“কারণ আমি জানি রাজনীতি করলে বহু কথা উঠবে, বহু কথা শুনতে হবে। সব কথা শুনে শুনে যদি আমি ওই নিয়ে ব্যস্ত থাকি তাহলে আমি রাষ্ট্র চালাব কখন?”

মেননের ওই বক্তব্য লুফে নিয়ে নির্বাচনে অনিয়মের অভিযোগ করে আসা বিএনপি নেতৃত্বাধীন জোট এটাকে প্রমাণ হিসেবে হাজির করে তাকে ‘রাজসাক্ষী’ হিসেবে বর্ণনা করছে।

তাদের এ অবস্থানের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, “আমার এখানে একটাই প্রশ্ন- জনগণ যদি ভোটই না দিত, আর জনসমর্থন যদি আমাদের পক্ষে না থাকত তাহলে তো খালেদা জিয়া সেই ১৯৯৬ সালের ১৫ই ফ্রেবুয়ারি ভোটারবিহীন নির্বাচন করেছিল, যার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। জনগণ ভোট দিতে পারে নাই। আমাদের পাশে এস দাঁড়িয়েছে। দেড় মাসের মধ্যে খালেদাকে পদত্যাগে বাধ্য করেছিল।”

বিএনপি সে রকম আন্দোলন গড়ে তুলতে না পারার কথা তুলে ধরে তিনি বলেন, “কারণ জনমত শুধু না। আপনারা আরেকটা জিনিস লক্ষ করেন। ২০১৮ সালের নির্বাচনে এদেশের সকল ব্যবসায়ী সম্প্রদায়, সকল শ্রেণি-পেশার মানুষ, এমনকি সকল সরকারি প্রতিষ্ঠান, প্রত্যেকে আমাদেরকে যেভাবে সমর্থন দিয়েছে- বাংলাদেশের জন্য এটা একটা অভূতপূর্ব ঘটনা আমি বলব।

“সব ব্যবসায়ী এক হলো। এরমধ্যে সবাই কি আওয়ামী লীগ করে? তাতো না। কিন্তু সমর্থন দিল তারা আমাকে। কারণ তাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে, আমরা যেন সরকারে আসি। কারণ আমরাতো এখানে দেশ চালাতে এসেছি। হাওয়া ভবন খুলে তাদের মতো আমরা তো কমিশন আদায় করি না আর ব্যবসাও আদায় করি না।”