জাসদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার, এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে দলটি।
জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার ভোর ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বিকাল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে দেশবাসী ও জাসদের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, “জাসদের ৪৭ বছরের ইতিহাসে প্রমাণ হয়েছে- জাসদ নেতাদের দল নয়, কর্মীদের দল। দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বা দলের নেতারা দলের পাহারাদার মাত্র।”
স্বাধীনতার এক বছরের মাথায় ১৯৭২ সালে আওয়ামী লীগ থেকে বেরিয়ে একদল নেতা জাসদ গঠন করেন। এম এ জলিলকে আহ্বায়ক ও আ স ম আব্দুর রবকে যুগ্ম আহ্বায়ক করে সাত সদস্যের কমিটির ঘোষণা হয়েছিল ৩১ অক্টোবর।
এরপর বিভিন্ন সময় ভাঙন দেখা যায় দলটিতে। বিভক্ত অংশগুলো ঐক্যবদ্ধ হয়ে আবারও ভাঙনের মুখে পড়ে। জাসদ এখন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের অন্যতম শরিক।
