২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রক্ষমতা তিন শক্তির হাতে জিম্মি: সিপিবি সাধারণ সম্পাদক

বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা ‘তিন ধরনের শক্তির হাতে জিম্মি হয়ে আছে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক শাহ আলম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2019, 07:01 PM

Updated : 10 Oct 2022, 09:28 PM

বৃহস্পতিবার বিকেলে জাতীয় ক্লাবের সামনে ক্যাসিনো-জুয়া কারবারি ও তাদের মদদ দাতাদের গ্রেপ্তারসহ দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে এক সমাবেশে তিনি একথা বলেন।

বাম গণতান্ত্রিক জোটের আয়োজনে সমাবেশে শাহ আলম বলেন, “বাংলাদেশে ধনবাদী শাসন চলছে। রাষ্ট্র ক্ষমতা এখন তিন শক্তির হাতে জিম্মি হয়ে আছে। এক শক্তি ব্যাংক-শেয়ারবাজারসহ আর্থিক প্রতিষ্ঠান লুট করছে, আরেক শ্রেণি আমলা, আর পার্শ্ববর্তী দেশ আরেক শ্রণির শক্তি হিসেবে আছে।"

সিপিবির এই নেতা বলেন, “প্রধানমন্ত্রী দুর্নীতিতে জড়িত সবাইকে ধরবে বলে ঘোষণা দিয়েছেন, এখন যারা ব্যাংক-শেয়ারবাজার লুট করছে, ক্যাসিনোর মাধ্যমে লুটপাট চলছে তাদের সবার গায়ে হাত দেবে কি না তা দেখার বিষয়।"

সরকারের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের বিকল্প নেই মন্তব্য করে নেতাকর্মীদের উদ্দেশে সিপিবি সাধারণ সম্পাদক বলেন, “আসুন লড়াইতে নামি, শুধু ঢাকা নয় গ্রামে-গঞ্জে লড়াই চালিয়ে যেতে হবে।”

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতা বজলুর রশিদ ফিরোজ বলেন, “ক্যাসিনো সম্রাট এখনও ধরা পড়েনি। মাত্র কিছু চুনোপুটি ধরা হয়েছে। যাদেরকে ধরেছে তারাও নাকি বিএনপি থেকে এসেছে। তাহলে তারা আওয়ামী লীগে কীভাবে ঢুকল?”

ক্যাসিনো চালানোয় গ্রেপ্তাররা আটজন মন্ত্রী-এমপির নাম বলেছেন দাবি করে এই বাম নেতা বলেন, “আরও অনেকের নাম বলেছে। দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী যদি জিরো টলারেন্সের কথা বলেন তাহলে এখানে যাদের নাম এসেছে তাদেরও ধরতে হবে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে।”

‘বাজার সিন্ডিকেট’ চলছে এবং পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সরকার ‘নিয়ন্ত্রণ করতে পারছে না’ অভিযোগ তুলে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন বাসদ নেতা ফিরোজ। বাসদ (মার্কসবাদী) নেতা আ ক ম জহিরুল ইসলাম বলেন, “পুঁজিবাদী ব্যবস্থা এতটা খারাপ যে প্রতিবেশী দেশের সাথে এখনও ভালো সম্পর্ক গড়ে তুলতে পারিনি। ভারতে আমরা কেবল দিয়েই যাই, বিনিময়ে কিছুই পাই না। শুকনা মৌসুমে পানি চাইলে পাই না, আর বর্ষা মৌসুমে তারা স্লুইস গেইট খুলে দিয়ে পানিতে তলিয়ে দেয়। তারপরও তারা নাকি আমাদের বন্ধু রাষ্ট্র।” তিনি বলেন, “ক্যাসিনোর হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে চলে যায়। ক্যাসোনির মধ্য দিয়ে অর্জিত কী পরিমাণ টাকা কিছু মানুষের ঘরে ঘরে আছে তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে এই সরকারকে।” সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক বলেন, “এই সরকার যে দুর্নীতিবাজ, সেই বিষয়ে আমরা একজন রাজসাক্ষী পেয়েছি। সেই রাজসাক্ষী হলেন রাশেদ খান মেনন। “তিনি (মেনন) বলেছেন, দেশ থেকে নয় লাখ কোটি টাকা পাচার হয়েছে। এত টাকা পাচার হয়েছে তখন আপনি কি নাকে তেল দিয়ে ঘুমিয়েছিলেন? আপনি বামপন্থিদের সাথে প্রতারণা করে এই সরকারের সাথে জোট করেছেন।” ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে গণসংহতি আন্দোলনের নেতা জুলহাস নাঈন বাবুসহ আরও কয়েকজন বক্তব্য দেন।