২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভালো’ লোকদের জন্য দরজা খুলে দিন: কাদের

দুর্নীতিবাজদের বাদ দিয়ে দুর্নীতিমুক্তদের দলে নিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2019, 08:06 PM

Updated : 18 Aug 2022, 05:51 PM

তিনি বলেছেন, “যারা বঙ্গবন্ধুর ছবি লাগিয়ে, শেখ হাসিনার ছবি ব্যবহার করে, অপকর্ম করবে, দূর্নীতি করবে, লুটপাট করবে, ভুমি দখল করবে তারা আওয়ামী লীগের লোক হতে পারে না। আমাদের লোকের অভাব নেই, খারাপ লোকের দরকার নেই।

“ভালো লোকদের জন্য দরজা খুলে দিন। ভালো লোকদের জন্য শেখ হাসিনা দরজা খুলে দিয়েছেন। রাজনীতির দুয়ার, আওয়ামী লীগের দুয়ার ভালো লোকদের জন্য খুলে দিতে হবে।”

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সোমবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভায় একথা বলেন কাদের।

আওয়ামী লীগে ‘বিশুদ্ধ রক্ত সঞ্চালনের’ আহ্বান জানিয়ে তিনি বলেন, “জাতীয় সম্মেলনকে সামনে রেখে পার্টির ক্লিন ইমেজ গড়ে তুলতে হবে। ক্লিন ইমেজ করতে হলে আমাদেরকে পরগাছা মুক্ত আওয়ামী লীগ গড়ে তুলতে হবে। সেটাই  শেখ হাসিনার স্বপ্নের আওয়ামী লীগ।

“আজকে দুঃসময়ের কর্মীরা আওয়ামী লীগে কোণঠাসা হবে, সে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নয়, সে আওয়ামী লীগ শেখ হাসিনার আওয়ামী লীগ নয়।”

দুর্নীতিবাজ কেউ ছাড় পাবে না- শেখ হাসিনার এই বক্তব্য মনে করিয়ে দিয়ে কাদের বলেন, “অপকর্মে যারাই মদদ দেবে, কাউকে ছাড় দেওয়া হবে না। নেত্রীর ঘোষণা বাস্তবে রূপ দিতে হবে।”

বিএনপির জাতীয় সরকার গঠনের দাবিকে ‘মামা বাড়ির আবদার’ বলে উড়িয়ে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

“আগে বলতেন অনুমতি মেলে না, এখন অনুমতি পেয়েই  ক্ষমতার রঙিন খোয়াব দেখছেন। তা অচিরেই কর্পুরের মতো উবে যাবে।”

কাদের বলেন, “বিএনপি নেতাদের কথা শুনলে, মির্জা ফখরুলের কথা শুনলে আমার  কাছে মনে হয়, তিনি একজন পরাজিত রাজনীতিকের মতো অসংলগ্ন প্রলাপ বকছে। আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ একজন পরাজিত রাজনীতিক।”

দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপন ঘরে যেন শত্রু না হয়, আপন ঘরে যার শত্রু, তার শত্রুতা করার জন্য বাইরের শত্রুর দরকার নেই। আপন ঘরে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই।”

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।