বাবার অভাব পূরণ করেছেন শেখ হাসিনা: সাঈদ খোকন
মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, তার বাবা মোহাম্মদ হানিফের মৃত্যুর পর অভিভাবকের ভূমিকা নিয়ে তাদের জন্য সম্ভাব্য সব কিছু করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
সাঈদ খোকন বলেন, “আমার বাবার হাত ধরে রাজনীতিতে এসেছি আমি। রাজনীতিতে চলার পথে তাকে হারিয়েছি। বাবার অনুপস্থিতিতে অভিভাবকের পুরো ভূমিকা নিয়েছেন প্রধানমন্ত্রী।
“আমার বাবা বেঁচে থাকলে সন্তান হিসেবে আমার জন্য যা করতেন, আমার জন্য তিনি তাই করেছেন। একটা বিন্দু কম করেননি। এই মায়া এই স্নেহ, আমার সারা জীবনের সব কিছু দিয়েও শোধ করতে পারব না।”
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী জনসভায় গ্রেনেড হামলা হলে শেখ হাসিনাকে বাঁচাতে যে মানববর্ম রচনা হয়েছিল, সেখানে হানিফও ছিলেন। গ্রেনেডের স্প্লিন্টার তার মস্তিস্কসহ দেহের বিভিন্ন স্থানে ঢুকে যায়। ২০০৬ সালের ২৮ নভেম্বর মারা যান তিনি।
মোহাম্মদ হানিফের একমাত্র ছেলে সাঈদ খোকন রাজনীতিতে নাম লেখান ১৯৮৭ সালে, তৎকালীন ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব নিয়ে। ১৯৯৭ সালে সূত্রাপুর থানা আওয়ামী লীগ এবং পরে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হন তিনি। ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন খোকন।
শেখ হাসিনার গুণগান করে তিনি বলেন, “প্রিয় নেত্রী স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রত্যক্ষ নেতৃত্ব দিয়েছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ যেন তার অধিকার ভোগ করতে পারে, তা আজ প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তি সংগ্রামের সূচনা করেছেন।”
সাঈদ খোকন বলেন, “দেশের গণ্ডি ছাপিয়ে আমাদের নেত্রী আজ বিশ্বনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত। এক সময় বঙ্গবন্ধুকে দিয়ে যেমন বাংলাদেশকে চিনত, আজকে শেখ হাসিনাকে দেখে বাংলাদেশকে চেনে। এটাই বাস্তব।”
মেয়র হিসেবে সার্বিক দিক দিয়ে ঢাকা শহরকে পরিচ্ছন্ন করে তোলার ঘোষণা দিয়ে তিনি বলেন, “কোটি মানুষের জনপ্রতিনিধি হিসেবে শেখ হাসিনাকে দেবার মতো আর কিছু নাই।”
শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে খাঁচায় বন্দি ৭৩টি বন্যপাখি অবমুক্ত করেন সাঈদ খোকন।
এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শরীফ আহমেদ উপস্থিত ছিলেন।
