২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেছনের এমপি-মন্ত্রীদের কারণে খালেদ, সম্রাটদের কিছু হবে না: মওদুদ

ক্যাসিনো পরিচালনাকারী ও চাঁদাবাজ-দুর্নীতিবাজদের পেছনে সরকারের প্রভাবশালী নেতা-মন্ত্রীরা আছেন অভিযোগ করে বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, ওই নেতা-মন্ত্রীদের কারণেই অপকর্মের জন্য এখন গ্রেপ্তার ও আলোচনায় থাকা যুবলীগ নেতাদের শেষ পর্যন্ত কিছুই হবে না।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2019, 07:42 PM

Updated : 10 Oct 2022, 09:26 PM

শুক্রবার ঢাকায় এক মানববন্ধনে সাবেক মন্ত্রী মওদুদ বলেন,  দেশে কোনো ‘প্রতিনিধিত্বশীল সরকার না থাকায়’ সরকারেরও কোনো ‘নিয়ন্ত্রণ নেই’। সেই সুযোগেই দুর্নীতির ‘বিপুল বিস্তার ঘটিয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা।

“শামীম (জি কে শামীম), খালেদ (খালেদ মাহমুদ ভুঁইয়া) আর সম্রাট (ইসমাইল হোসেন সম্রাট)- এরা মাত্র কয়েকটি নাম। এ রকম আরও শত শত নাম আছে, শত শত মানুষ আছে যারা যুবলীগ করে, যারা চাঁদাবাজি করে, যারা ক্যাসিনো চালায়, যারা ক্লাবে জুয়াড়ির আসর বসায়। এরা তারাই (ক্ষমতাসীনরা), তারা তারা। তারা তো এই দলেরই (আওয়ামী লীগ) নেতৃবৃন্দ। এরা এত প্রভাবশালী, এদের সাথে যেসব এমপি-মন্ত্রীরা জড়িত, তাদের প্রভাবেই এদের শেষ পর্যন্ত কিছুই হবে না।”

গত ১৮ সেপ্টেম্বর ঢাকার মতিঝিলের ফকিরাপুল ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স ক্লাব এবং মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রে র‌্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনো মেলার পাশাপাশি সেগুলো পরিচালনায় যুবলীগ নেতাদের জড়িত থাকার বিষয়টি প্রকাশ পায়।

ওই দিনই গ্রেপ্তার করা হয় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে, পরদিন কলাবাগান ক্লাব থেকে গ্রেপ্তার করা হয় কৃষক লীগের নেতা শফিকুল আলম ফিরোজকে। দুদিন পর গ্রেপ্তার করা হয় ঠিকাদার জি এম শামীমকে, যিনিও যুবলীগ নেতা হিসেবে পরিচয় দিতেন।

Image
যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও খালেদ মাহমুদ ভূঁইয়া

যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও খালেদ মাহমুদ ভূঁইয়া

এসব ক্যাসিনো চালনায় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের নাম আলোচিত হওয়ার পর তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বর্তমান সরকার দলীয় লোকদের দুর্নীতি বন্ধ করতে পারবে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, “আজকে হয়ত এসব খবরের কাগজে খুব ভালো করে ছাপানো হচ্ছে। দেখবেন যে, কয়েক দিন পরেই এগুলো ধামাচাপা দিয়ে দেওয়া হবে।”

এই চাঁদাবাজি, দুর্নীতি, জুয়াড়ি ও ক্যাসিনো দূর করতে গণতন্ত্র ‘ফিরিয়ে আনার’ বিকল্প নেই বলে মনে করেন মওদুদ আহমদ। তার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ‘সত্যিকারের প্রতিনিধিত্বশীল সরকার’ প্রতিষ্ঠা দরকার বলে মন্তব্য করেন তিনি।

‘দুর্নীতি সর্বত্র ছড়িয়ে গেছে’ মন্তব্য করে মওদুদ বলেন, “দুর্নীতি নিজেদের সরকারি দলের মধ্যে তো আছেই। এমনকি আমাদের পাবলিক ইউনিভার্সিটির ১১ জন উপাচার্যও আজকে এই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। এদের মধ্যে তিনজনের কুশপুতুল পোড়ানো হয়েছে।

“একটি প্রধানমন্ত্রীর নিজের জেলা গোপালগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কুশপুতুল পোড়ানো হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…।

“উপাচার্য অনেক সম্মানিত একজন ব্যক্তি। আজকে দেখা যাচ্ছে, এই ব্যক্তিরা দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়েছেন এবং একই কারণে আজকে আদালতেও সর্বত্র দুর্নীতি ছড়িয়ে পড়েছে।”

সুপ্রিম কোর্টের আইনজীবী মওদুদ আহমদ বলেন, “বেগম জিয়া একটি বানোয়াট মামলায় মাত্র দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ আজকে তাকে জেলখানায় থাকতে হচ্ছে- ১ বছর ৭ মাস হয়ে গেছে। যেই অপরাধের জন্য তার ৭ দিনের মধ্যে জামিন হওয়ার কথা, আজকে তিনি ১ বছর ৭ মাস জেলখানায় আছেন, জামিন তার হয় না। সরকারের রাজনৈতিক প্রভাবের কারণে আদালত স্বাধীনভাবে কাজ করতে পারেন না। সেজন্য বেগম খালেদা জিয়া আজকে জেলখানায়।”

আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব হবে না মন্তব্য করে তিনি বলেন, “আমরা অনেক চেষ্টা করেছি, কোথাও আমরা রিলিফ পাই না, কোনো আদালতে আমাদের জন্য কোনো রিলিফ নাই। বেগম জিয়ার জন্য কোনো সুসংবাদ নাই।

“কারণ তারা এই আদালতগুলোকে সম্পূর্ণভাবে প্রভাবযুক্ত করেছেন, তাদের প্রভাবে রেখেছেন। সেজন্য রাজপথই একমাত্র পথ যে পথে আন্দোলন করে বেগম জিয়াকে মুক্ত করার জন্য আমাদের সকল গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিসমূহকে ঐক্যবদ্ধ করে এই আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করতে হবে এবং দেশে আবার গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠা করতে হবে।”

জাতীয় প্রেস ক্লাবের সামনে এগ্রিচালচারিস্ট অ্যাসোসিয়েশল অব বাংলাদেশ-এএবির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে এই মানববন্ধন হয়।

সংগঠনের আহ্বায়ক রাশিদুল হাসান হারুনের সভাপতিত্বে ও শামীমুর রহমান শামীমের পরিচালনায় মানববন্ধনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল ইসলাম রিজু, এএবির ইব্রাহিম খলিল, গোলাম হাফিজ কেনেডী, জিকেএম মোস্তাফিজুর রহমান, শামসুল আলম তোফা, চৌধুরী আবদুল্লাহ ফারুক, সারোয়ার হোসেন, শাহনাজ সরকার রানু, আসাদুজ্জামান কিটোন, শফিকুল ইসলাম, জামসেদ আলম, আামিরুজ্জামান রিপন, আজিজুল ইসলাম, আহসান হাবিব প্রান্ত, মাহবুবুর রশীদ গোলাপ, শরীফ হোসেন খান, নুরুন নবী ভুঁইয়া শ্যামল, হেলাল উদ্দিন, আতিকুল ইসলাম, কামরূল হাসান, আনিসুজ্জামান আানিছ, জসিমউদ্দিন জনি নাসির উদ্দিন মিল্টন, শাহাদাত হোসেন বিপ্লব প্রমূখ বক্তব্য রাখেন।