২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্যায়কারী দলের হলেও ধরার সাহস শুধু শেখ হাসিনার: আইনমন্ত্রী

ক্যাসিনো-জুয়ার বিরুদ্ধে চলা অভিযান নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের পাল্টায় আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অন্যায়কারী যে দলেরই হোক, তাদের ধরার সাহস কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনারই রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2019, 01:49 AM

Updated : 18 Aug 2022, 05:50 PM

জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর তার বিচার প্রশ্নে জারি করা ‘দায়মুক্তি অধ্যাদেশ’ নিয়ে এক আলোচনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

আনিসুল হক বলেন, “আজকে অনেকেই অনেক কথা বলছেন। বিএনপি তো আরও সোচ্চার, এই যে জুয়া খেলা নিয়ে এবং কিছু কিছু ক্যাসিনো খেলা নিয়ে।

“দেখেন, শেখ হাসিনার সাহস আছে অন্যায় যারা করে, তাদেরকে ধরার, বিচার করার। সে যে দলেরই হোক, যে কেউ হোক। আর বিএনপির নেতারা আজকে যারা চিল্লাচিল্লি করেন, উনারা তো এতিমের টাকা যারা চুরি করে, তাদের বাদ দেওয়ার মতো শক্তিও রাখেন না।

“যে দুর্নীতির কারণে মুচলেকা দিয়ে দেশ ত্যাগ করেছেন, উনারা তো তাকে দুইটা গালিও দিতে পারেন না। তারা আজকে বড় বড় কথা বলছেন!’

“বাংলাদেশকে দুর্নীতিমুক্ত একমাত্র শেখ হাসিনাই করতে পারেন এবং শেখ হাসিনাই করবেন,” বলেন আনিসুল হক।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও দেন সংগঠনটির কেন্দ্রীয় নেতা ও অভিনেতা এনামুল হক, আজিজুল হাকিম, কেরামত মওলা, নাট্যকার মান্নান হীরা, চিত্র নায়ক রিয়াজ প্রমুখ।