২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষ এখন জাতীয় পার্টির খোঁজ রাখে: জি এম কাদের

সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী কর্মসূচি দিয়ে জাতীয় পার্টি এবার রাজনীতিতে ‘আস্থার শক্তিতে পরিণত হবে’ বলে মনে করছেন দলের চেয়ারম্যান জি এম কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2019, 11:45 PM

Updated : 18 Aug 2022, 05:50 PM

বৃহস্পতিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নব গঠিত আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে জি এম কাদের বলেন, “জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে হবে।

“সাধারণ মানুষের মাঝে জাতীয় পার্টিকে আস্থার রাজনৈতিক শক্তিতে পরিণত করা হবে। সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী কর্মসূচি দিয়ে জাতীয় পার্টি সাধারন মানুষের আস্থা অর্জন করবে।”

দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষ এখন জাতীয় পার্টির দিকে ‘তাকিয়ে আছে’ বলেও দাবি করে তিনি।

জাতীয় পার্টির এই চেয়ারম্যান বলেন, “সাধারণ মানুষ এখন জাতীয় পার্টির খোঁজ রাখেন। জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে দেশবাসী। দেশের মানুষ জাতীয় পার্টিকে আগামী দিনের দেশ পরিচালনার দায়িত্ব দিতে পারে।”

দেশে এখন ‘রাজনৈতিক শূন্যতা’ বিরাজ করছে উল্লেখ করে জি এম কাদের  বলেন, “এই শূন্যতা পূরণে যে কয়টি রাজনৈতিক শক্তি আছে, এর মধ্যে জাতীয় পার্টি অন্যতম।

“আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়নে রাজনীতি করছি। আমরা বিজয়ের জন্য রাজনীতি করি। তাই দলকে আরো শক্তিশালী করতে হবে।”

আগামী ২৮ ডিসেম্বর ঢাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই কাউন্সিলে জাতীয় পার্টির নেতা নির্ধারণ হবে, দলের সভাপতিমণ্ডলীতেও আসবে পরিবর্তন।

তৃণমূলের নেতাদের পরামর্শে দলের গঠনতন্ত্রেও প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে বলে জানান জি এম কাদের।  

এ কাউন্সিল অনুষ্ঠানের পর আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করবে জাতীয় পার্টি।

জাতীয় পার্টির তৃণমূলের নেতাকর্মীদের অভিযোগ রয়েছে, দলের নীতিনির্ধারণী পর্যায়ে ঠাঁই হয় না তাদের, গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মতামতও অগ্রাহ্য করা হয়।

তৃণমূলের নেতাকর্মীদের  উদ্দেশে জি এম কাদের বলেন, “যাদের শ্রম ও ঘামে জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হয়েছে, আমরা তাদের অবদান কখনোই অস্বীকার করব না। দলকে আরও সুপ্রতিষ্ঠিত করতে ত্যাগী নেতাকর্মীদের আরও আরও অবদান রাখতে হবে।”

পরে মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির ১১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন জি এম কাদের।

কমিটিতে সৈয়দ সাহাবউদ্দিন আহমেদকে সভাপতি এবং হাজী মোঃ কামাল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

জাপার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বৈঠকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, আদেলুর রহমান আদেল, ভাইস চেয়ারম্যান জহিরুল আলম রুবেল উপস্থিত ছিলেন।