‘গডফাদারদের’ ধরলে একেকজনের ভাণ্ডারে ব্যাংক বেরোবে: রিজভী
চলমান অভিযানে দুর্নীতির ‘রাঘব-বোয়ালদের’ আড়ালে রেখে ‘চুনোপুঁটিদের’ ধরা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
বুধবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তথাকথিত শুদ্ধি অভিযানের নামে ধরা হচ্ছে কাচকি মাছ। একটা আইওয়াশ করার জন্য এই চুনোপুঁটি ধরছেন। এই চুনোপুঁটিদের ফিক্সড ডিপোজিট হচ্ছে প্রায় দুইশ কোটি টাকার মতো আর টেবিলে পাওয়া যায় ১০ কোটি টাকা।
“দুর্নীতি-লুটপাটের গডফাদাররাই এখন নিয়ন্ত্রণ করছে সব কিছু। তাদের ধরতে পারলে দেখা যাবে একেক জনের ভাণ্ডারে একেকটি ব্যাংক আছে।”
ক্ষমতাসীন দলের নেতাদের বিএনপির দিকে আঙ্গুল তুলে বক্তব্য দেওয়ার সমালোচনা করে রিজভী বলেন, “এই অভিযান শুরুর পর ওবায়দুল কাদের, হাছান মাহমুদ, মাহবুব-উল-আলম হানিফ সাহেবসহ সরকারের অনেক মন্ত্রী-নেতা মজ্জাগত স্বভাববশত সব কিছুর দায় চাপাচ্ছেন বিএনপির ওপর।
“নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানোই যেন আওয়ামী লীগের রাজনৈতিক অভ্যাস। এই কু-অভ্যাসের নীতি নিয়েই তারা এখন মিথ্যা অপপ্রচারের কোরাস গাইছে। আওয়ামী লীগের চিরাচরিত নীতি হচ্ছে তারা কোনো বড় কেলেঙ্কারি করে ধরা খাওয়ার পর যখন আর সামাল দিতে পারে না তখন তারা জনগণের দৃষ্টি ভিন্নখাতে নিতে দোষ চাপায় বিএনপির ওপর। তারা ফেঁসে গেলে সব দোষ বিএনপির।”
’ক্যাসিনো সংস্কৃতি বিএনপির আমলেই শুরু হয়েছে’ বলে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের বক্তব্যের পালটায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী বলেন, “আমাদের অবাক লাগে, ১২ বছর আপনারা ক্ষমতায় আছেন এখন অভিযানে আপনাদের লোকরা সব ধরা পড়ছে, বাড়ি থেকে কোটি কোটি টাকা, আরো কত কিছু! এই ১২ বছর কী বিএনপি ক্ষমতায় ছিল?”
আওয়ামী লীগ নেতারা ‘মিথ্যাচার‘ করছে দাবি করে তিনি বলেন, “অবলীলায় মিথ্যাচার করে যাচ্ছেন তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রী ও নেতাদের বক্তব্য শুনে মনে হয় সরকারের ভেতরে বড় কোনো ঘাপলা রয়েছে, সেই ঘাপলা এখনো উন্মোচিত হয়নি। সুতরাং আওয়ামী চুনোপুঁটিদের ধরে এখন সেটিকে আড়াল করছে।”
তথ্যমন্ত্রীর বক্তব্য ধরে রিজভী বলেন, “তথ্যমন্ত্রী বলেছেন, জিয়াউর রহমানের আমল থেকে ক্যাসিনো চলছে, মির্জা আব্বাস ক্যাসিনো শুরু করেছেন, হাওয়া ভবনে ক্যাসিনো ছিল। আপনারা সাংবাদিক, আপনাদের অগ্রজ সাংবাদিকরা বিএনপির আমলে সাংবাদিকতা করেছেন। সে সময়ে কি গণমাধ্যমের কোথাও ক্যাসিনোর কথা প্রকাশ করেছিলেন? সবাই একটু অনুসন্ধান করে দেখুন তো- ক্যাসিনো নিয়ে একটি শব্দ সেই সময়ে লেখা হয়েছে কি না?
“এটা সবাই জানেন যে, মির্জা আব্বাস সাহেব ঢাকার মেয়র থাকাকালে ক্লাবগুলোতে জুয়া বন্ধ করেছিলেন। আজকে দেখুন কীভাবে উন্মোচিত হচ্ছে প্যান্ডোরাসের বাক্স। যেখান থেকে একের পর এক হরিলুটের রূপকথার কাহিনীর মতো কাহিনীগুলো উঠে আসছে। রাঘব-বোয়ালদের হাতে নিশ্চয়ই জাতীয় বাজেটের সমান টাকা আছে। আমরা ক্ষমতাসীনদের বলতে চাই, শাক দিয়ে মাছ ঢাকা যাবে না।”
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজমুল হক নান্নু, আবুল খায়ের ভুঁইয়া, কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন, আবদুল আউয়াল খান, মুনির হোসেন, আবদুল খালেক, রফিক হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।
