২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গয়েশ্বরও প্রশংসা করবেন, যদি…

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দু্র্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান ‘শুদ্ধি’ অভিযানের প্রশংসা তারাও করবেন, যদি তা অব্যাহত থাকে, আর ‘নাটকে’ পরিণত না হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2019, 10:50 PM

Updated : 08 Apr 2022, 04:45 PM

সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদের বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরের এমন মন্তব্য আসে।  

বিভিন্ন ক্লাবে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে জুয়ার আসর আর ক্যাসিনো পাওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাদের গ্রেপ্তার হওয়ার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, ‘ক্ষমতাসীনদের দুর্নীতির কল বাতাসে নড়া শুরু হয়েছে’।

পরদিন পাল্টা মন্তব্যে সরকারের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিএনপির উচিৎ সরকারের প্রশংসা করা।

ওই মন্তব্যের প্রসঙ্গ টেনে গয়েশ্বর চন্দ্র রায় সোমবার বলেন, “আমরা অবশ্যই প্রশংসা করব, যারা এই চলামান প্রক্রিয়াকে অব্যাহত রাখবেন। তিনটি ঘটনার মধ্য দিয়ে, অর্থাৎ তিনজন লোককে গ্রেপ্তারের মধ্য দিয়ে লক্ষ লোককে আড়াল করার প্রচেষ্টা যদি হয়, সেক্ষেত্রে আমরা অসহায়, সেখানে আমরা প্রশংসা করতে পারব না। আমাদের ধন্যবাদ দেওয়ার জায়গাটা সংকুচিত হয়ে যাবে।”

কয়েকটি শর্ত জুড়ে দিয়ে তিনি বলেন, ”এটা যদি ধারাবাহিকভাবে চলে এবং সত্যিকার অর্থে এদেরকে আইনের আওতায় নিয়ে বিচার করে এদের থেকে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে যায়, অবশ্যই আমরা ধন্যবাদ দেব, সারা জাতি দেবে, সারা দেশ দেবে।”

গয়েশ্বর বলেন, “দুঃসাহসিকভাবে আজকে এই গ্রেপ্তারের মধ্য দিয়ে যারা দুর্নীতির লাগাম ধরতে চান, তাদেরকে সাধুবাদ জানাই। তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার সদিচ্ছা আমাদের আছে। কিন্তু সরকারের নাটকের একটি অংশ হিসেবে যদি এটা হয়, তাহলে আমরা দুঃখিত, সেক্ষেত্রে আমরা স্বাগত জানাতে পারব না।”

চলমান অভিযানে যে কয়জনকে আটক করা হয়েছে তা ‘যথেষ্ট নয়’ মন্তব্য করে তিনি বলেন, “আজকে যে অভিযান শুরু হয়েছে, এই তিনজনকে গ্রেপ্তার করলেন, এটা তো যথেষ্ট না। কারণ লক্ষ ঘটনার মধ্যে তিনটি ঘটনা আসছে। আজকে সরকারের সদিচ্ছায় কি এ ধরনের দুর্নীতিবাজ সন্ত্রাসীদেরকে ধরা হচ্ছে? না সরকার তাদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারিয়ে ফেলছে কোনটা?”

নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে ‘দুর্নীতি-দুঃশাসন এবং বর্তমান বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় এ আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, উলামা দলের শাহ নেছারুল হক, কৃষক দলের শাহজাহান সম্রাট, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মুনির, ঢাকা মহানগর দক্ষিনের ফরিদউদ্দিন আহমেদ বক্তব্য দেন।

পুরনো খবর:

মির্জা ফখরুলের উচিত সরকারকে অভিনন্দন জানানো: হাছান
উসকানি না দিয়ে সহযোগিতা করুন: ওবায়দুল কাদের