মতিন খসরুর নেতৃত্বে চীন যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল
চীন সফরে যাচ্ছেন আওয়ামী লীগের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল।
এই দলে নেতৃত্ব দিচ্ছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী আবদুল মতিন খসরু।
সফরের আগের দিন সোমবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোহিঙ্গা সঙ্কট নিরসনে মিয়ানমারকে চাপ দিতে চীনের নেতাদের অনুরোধ জানাবেন তারা।
মতিন খসরু জানান, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দুটি সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন তারা।
“সেখানে চীন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে রোহিঙ্গা ইস্যু নিয়ে চীনকে বাংলাদেশের পাশে থাকতে জোরালো আহ্বান জানানো হবে।”
চীন চাইলেই রোহিঙ্গা সঙ্কটের সমাধান সম্ভব মন্তব্য করেন সাবেক এই মন্ত্রী।
তিনি বলেন, "চীন সফরে আমরা রোহিঙ্গা সমস্যা সমাধানে তাদের যথাযথ ভূমিকা রাখার অনুরোধ করব। যেন এই রোহিঙ্গারা সসম্মানে নিরাপত্তার সঙ্গে তাদের দেশে ফিরে যেতে পারে।”
চীন সফরের প্রতিনিধি দলে কয়েকজন সংসদ সদস্য ও সাংবাদিকও রয়েছেন।
তাদের মধ্যে রয়েছেন তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য দীপংকর তালুকদার, আজমত উল্লাহ, এ বি এম রিয়াজুল কবীর কাওছার, রফিকুর রহমান, আমিরুল ইসলাম মিলন।
সংসদ সদস্য অপরাজিতা হক ও বাসন্তি চাকমা, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সেলিম মাহমুদ ও তরুন কান্তি দাস, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, উত্তরের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নাজমুল আলম রয়েছেন প্রতিনিধি দলে।
