২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনীতিকদের কাছে বিএনপির এত নালিশ, তাতে রোহিঙ্গা নেই কেন: কাদের

বিএনপি বিদেশি কূটনীতিকদের কাছে সরকারের বিরুদ্ধে অনেক নালিশ করলেও রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির বিষয়টি একবারও তুলেনি বলে সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2019, 05:50 PM

Updated : 08 Apr 2022, 04:38 PM

বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) আয়োজিত বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, “বিদেশি দূতাবাসের কূটনীতিকদের সঙ্গে বিএনপির নেতারা বৈঠক করে। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারকে চাপ দিতে কূটনীতিকদের কাছে বিএনপির নেতাদের গত দুই বছর কোনো কথা বলতে শুনিনি। এ সমস্যা নিয়ে কোনো দিন তারা কুটনীতিকদের সঙ্গে কথা বলেননি।

“এখন বলছে সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে রোহিঙ্গারা ফেরত যাচ্ছে না। সরকার সারা বিশ্বে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের উপর বিদেশি চাপ অব্যাহত আছে, এই চাপ আরও বাড়বে।”

বিএনপি রাজনৈতিক ফায়দা লোটার জন্য রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টির নামে ‘বিভেদ সৃষ্টির, পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

দলটির নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা কি চান আমরা যুদ্ধ করি, যুদ্ধের ফাঁদে পা দেই। আমরা যুদ্ধ করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চাই না। কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে, সূক্ষ্ম কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে।”

পাকিস্তানি গোয়েন্দা সংস্থা নিজের মদদপুষ্ট এনজিদের মাধ্যমে রোহিঙ্গা ইস্যু নিয়ে চক্রান্ত করছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, “ফখরুল সাহেব কি এদের সাথে আঁতাত করেছে? তা নাহলে এত বেসুরো কথা কোন আপনার মুখ থেকে বের হচ্ছে।..

“দেশের অনেক বিরোধী দল বিরোধিতা করছে। কিন্ত বিএনপির মত এত ব্যর্থ, দগদগে ব্যর্থতা আর কোনো দলের নেই। তারা এখন উন্মাদ হয়ে ইস্যু খোঁজে।  এখন রোহিঙ্গা ইস্যুতে ভর করেছে।” 

বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বিএমএর মহাসচিব এহতেশামুল হক চৌধুরী ও বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য্য শহীদুল্লাহ সিকদার বক্তব্য দেন।