‘বিব্রত’ রুমিন নেবেন না সরকারি প্লট
সংসদ সদস্য হিসেবে পূর্বাচলে প্লট পেতে আবেদন করলেও সমালোচনার মুখে তা প্রত্যাহার করে নিয়েছেন বিএনপির রুমিন ফারহানা।
সংসদ সদস্যের প্যাডে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করীমের কাছে মঙ্গলবার পাঠানো এক চিঠিতে তিনি প্লটের জন্য আগে দেওয়া আবেদনপত্রটি প্রত্যাহারের কথা জানান।
চিঠিতে বলা হয়, “আমার দল বিএনপির প্রাণ তৃণমূলের নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে গত ৩ আগস্ট সংসদের দাপ্তরিক ফরম্যাটে করা আমার পূর্বাচলের প্লটের আবেদনটি আমি প্রত্যাহার করে নিচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।”
গত ৩ আগস্ট রাজউকের প্রকল্প পূর্বাচলে ১০ কাঠার প্লটের জন্য আবেদন করেছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন।
আওয়ামী লীগ সরকারকে ‘অবৈধ’ বলে আসা রুমিনের প্লট পেতে সরকারের কাছে আবেদনের চিঠিটি ফেইসবুকে ভাইরাল হওয়ার পর দলের মধ্যেও সমালোচনায় পড়েন সংরক্ষিত আসনের এই সংসদ সদস্য।
টেলিভিশনে আলোচনা অনুষ্ঠানেও বিএনপির কয়েক নেতা রুমিনের সমালোচনায় মুখর হন, যা তাকে বিব্রত করে বলে দলের নেতারা জানান। তারা বলেন, এই কারণেই তিনি সিদ্ধান্ত বদলেছেন।
সমালোচনার জবাবে প্লটের আবেদনের পক্ষে যুক্তি দেখালেও সিদ্ধান্ত বদলানোর পর রুমিনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার এক সভায় বিষয়টির এখানেই ইতি টেনে রুমিনকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা না করতে দলের নেতাদের নির্দেশ দেন।
তিনি বলেন, “ছোট-খাটো বিষয় পাগলের মতো ওই ফেইসবুকে দেওয়ার কোনো যুক্তি নেই। আপনাদের দেখতে হবে মূল লক্ষ্যে আমরা যাচ্ছি কি না? কেউ একটা ছোট ভুল করে ফেলল, তার জন্য তাকে এখনই কবর দিয়ে দিতে হবে? নিশ্চয়ই না।
“আমি কার কথা বলছি আপনারা বুঝতে পারছেন। পত্র-পত্রিকাও শুরু করেছে এই ধরনের …, এখন একেবারে ড্রাম বাজিয়ে শুরু করেছে রুমিনের বিরুদ্ধে একটা অবস্থান তৈরি করবার জন্যে। রুমিন তো অন্যায় করেনি। হতে পারে এই সহজ জিনিসটা বুঝতে পারেনি।”
রুমিনের প্রশংসা করে ফখরুল বলেন, “রুমিন জোর গলায় পার্লামেন্টে, পার্লামেন্টের বাইরে, টেলিভিশনে সব খানে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলে, দেশনেত্রীর মুক্তির কথা বলে।
“আমাদের চিন্তাভাবনার লোক যারা আছেন, তাদেরকে অনুরোধ করব- দয়া করে আপনার ফেইসবুকে তার বিরুদ্ধে বা অন্য কারো বিরুদ্ধে এবং আমাদের লোক কারও বিরুদ্ধে কোনো কমেন্ট করবেন না, লিখবেন না। এতে ক্ষতি হবে আন্দোলনের। বরঞ্চ তাকে পরামর্শ দিন কী তার করা উচিৎ।”
রাজনীতিক অলি আহাদের মেয়ে পেশায় আইনজীবী রুমিন এবারই প্রথম সংসদে গেলেন। একাদশ সংসদে বিএনপির একমাত্র নারী সংসদ সদস্য তিনি।
