ঢাবিতে অনশনে অসুস্থ ছাত্রলীগের নয়জন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনশনরত ছাত্রলীগের বিক্ষুব্ধদের মধ্যে নয়জন অসুস্থ হয়ে পড়েছেন।
এরা হলেন ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক রানা হামিদ, সাবেক আন্তর্জাতিক বিষয়ক উপ-সম্পাদক ইমদাদ হোসেন সোহাগ, সাবেক উপ-কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মুরাদ হায়দার টিপু, সাবেক উপ প্রচার সম্পাদক খন্দকার রবিউল ইসলাম রবি, সাবেক উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ইফতেখার আহমেদ চৌধুরী সজিব, সাবেক বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আনন্দ সাহা পার্থ, সাবেক উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক কৃষ্ণ মজুমদার, সাবেক সহ-সম্পাদক এস এম মামুন এবং সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক শেখ আব্দুল্লাহ।
রোববার বিকাল সাড়ে ৩টার দিকে রাজু ভাস্কর্যে তাদের স্যালাইন লাগানো অবস্থায় দেখা গেছে।
আন্দোলনকারীরা বলছেন, অনশন শুরুর পর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ছাত্রলীগ বা আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেনি।
কমিটি থেকে ‘বিতর্কিত’দের বাদ দেওয়াসহ চার দফা দাবিতে গত ২৬ মে থেকে রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করছিলেন বিক্ষুব্ধরা। এসব দাবি আদায়ে গত শুক্রবার দুপুর থেকে আমরণ অনশন শুরু করেন তারা।
শনিবার আন্দোলনকারীদের অনশন থেকে সরে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তবে তার আহ্বানে সাড়া দেননি আন্দোলনকারীরা।
