২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক ইউটিউবে ‘হাস্যকর’ ওয়াজ প্রকাশে শাস্তি দাবি

ফেইসবুক ও ইউটিউবে ‘হাস্যকর’ ওয়াজের ভিডিও প্রকাশকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি করেছেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2019, 11:20 PM

Updated : 18 Aug 2022, 05:25 PM

শনিবার ধানমন্ডিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় এ দাবি করেন তিনি।

মাইজভান্ডারী বলেন, “ধর্মপ্রাণ মুসলমানরা ওয়াজ শুনতে ভালোবাসেন, ওয়াজের কথা শুনলেই অনেক মানুষ দূর-দূরন্তে ছুটে যান। তবে কিছু আলেম নামধারী ব্যক্তিদের জন্য তাদের সম্মান ও মর্যাদাহানি হচ্ছে। তাদের হাস্যকর ওয়াজের কারণে ইসলামের সৌন্দর্য ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

“কিছু ব্যক্তি ওয়াজের নাম করে স্বাধীনতাবিরোধী দেলাওয়ার হোসাইন সাঈদীর গুণগান গাইছে। তারা ওয়াজের নামে কৌশলে সরকারবিরোধী নানা প্রচার- প্রচারণা চালাচ্ছে, এমনকি জঙ্গিবাদের উসকানি দিচ্ছে। অতি শিগগিরই এই সমস্ত আলেম নামধারী শয়তানদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।”

দেশের সব মাদ্রাসা অফিসে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর দাবি জানিয়ে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান বলেন, “স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সকল প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ছবি টাঙানো হয়। কিন্তু মাদ্রাসায় বঙ্গবন্ধুর ছবি টাঙানো হয় না। বঙ্গবন্ধুর ছবি মাদ্রাসা অফিসে টাঙালে ধর্মের তো কোনো সমস্যা নেই। তাহলে মাদ্রাসা অফিসে কেন বঙ্গবন্ধুর ছবি টাঙানো হবে না। তরিকত ফেডারেশন মনে করে, প্রত্যেক মাদ্রাসায় বঙ্গবন্ধুর ছবি টাঙানো উচিত।”

অতি দ্রুত রোহিঙ্গাদের ফেরত না পাঠালে বাংলাদেশে ‘ভয়াবহ পরিস্থিতি’ সৃষ্টি হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলের এই নেতা।

নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, “রোহিঙ্গারা আস্তে আস্তে জঙ্গি তৎপরতায়  প্রবেশ করবে। এখান থেকেই জঙ্গি উৎপাদন হবে। তখন তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়াবে।”

কওমি মাদ্রাসার নিয়ন্ত্রণ সরকারের হাতে রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, “কওমী মাদ্রাসার সনদের স্বীকৃতি দিয়েছে এতে আমাদের কোনো আপত্তি নেই। শিক্ষা কারিকুলাম, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ড পরিচালনার ক্ষেত্রে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে। পাশাপাশি যে সকল কওমী মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গাওয়া হয় না সেই সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

নজিবুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বে যৌথ সভায় বক্তব্য রাখেন মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ হাবিবল বশর মাইজভান্ডারী, সাইফুল ইসলাম সিদ্দিকী, সৈয়দ কামাল নূরী সুরেশ্বরী ও সৈয়দ আবু রাজ্জাক হায়দার।