১২ জুন জিয়ার অপকীর্তির বিরুদ্ধে প্রথম বিজয়: যুবলীগ চেয়ারম্যান
দেশে ফিরে শেখ হাসিনার ধানমন্ডি বত্রিশের বাড়িটি উদ্ধারের ঘটনাকে ‘জিয়ার অপকীর্তির বিরুদ্ধে প্রথম বিজয়’ বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে এসে ১২ জুন শেখ হাসিনা ধানমন্ডি বত্রিশের বাড়িটি উদ্ধার করেন।
এক বিবৃতিতে ওমর ফারুক চৌধুরী বলেছেন, “১৯৮১ সালের এই দিনে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনকে উদ্ধার করেছিলেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। স্বৈরাচারি সামরিক একনায়ক জিয়ার অপকীর্তির বিরুদ্ধে প্রথম বিজয়ের দিন হল ১২ জুন।
“এই উদ্ধারের মধ্য দিয়েই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সংগ্রামে প্রথম বিজয় সূচিত হয়েছিল।”
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দায়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে অভিযুক্ত করেন ওমর ফারুক।
তিনি বলেন, “এক নায়ক জিয়াউর রহমান শুধু জাতির পিতাকেই হত্যা করেননি, তিনি সামরিক শাসন জারি করে মুক্তিযুদ্ধের সমস্ত চেতনাকে ভুলুন্ঠিত করেছিল। তারই অংশ হিসেবে বঙ্গবন্ধু ভবনের গেটকে সিলগালা করেছিল এবং কারও প্রবেশ নিষিদ্ধ করেছিল।”
১৯৮১ সালে দেশে ফিরে আওয়ামী লীগের দায়িত্বভার নিয়ে শেখ হাসিনা সেই নিষেধাজ্ঞা বাতিলের জন্য জনমত গড়ে তুলেছিলেন। পরে জনমতের চাপে আবদুস সাত্তার সরকার বাড়িটি হস্তান্তর করতে বাধ্য হয়।
ওমর ফারুকের ভাষ্যে, “এই বাড়িটি শুধু বাড়ি নয়, এটি ইতিহাস এবং আমাদের চেতনার আকর। কাজেই এই বাড়ি উদ্ধারের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার ধারায় বাংলাদেশকে ফিরিয়ে নেওয়ার সংগ্রামে প্রথম বিজয় সূচিত হয়েছিল।”
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করা উচিৎ বলে মনে করেন যুবলীগ চেয়ারম্যান।
