২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পা পিছলে আহত বাবলু, নেওয়া হয়েছে সিঙ্গাপুরে

ঈদের সকালে ওজু করতে গিয়ে পা পিছলে আহত হয়েছেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2019, 11:07 PM

Updated : 10 Oct 2022, 09:10 PM

উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার গভীর রাতে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে বলে বাবলুর ছোট ভাই হাসান মাহমুদ চৌধুরী জানিয়েছেন।

চট্টগ্রাম-৯ আসনের সাবেক সাংসদ বাবলু থাকেন বন্দরনগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় নিজের বাড়িতে।

“বুধবার ভোর ৬টার দিকে ঈদের নামাজের প্রস্তুতির অংশ হিসেবে বাথরুমে ওজু করতে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি। তার কোমরের বাঁ দিকে খুব ব্যথা হয়,” বলেন হাসান।

বাবলুকে উদ্ধার করে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে নেওয়ার পর সেখানে পরীক্ষায় তার কোমরের ‘জয়েন্ট’-এ সমস্যা হওয়ার কথা জানান চিকিৎসকরা। এজন্য অস্ত্রোপচারের পরামর্শ দেন তারা।

পরে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে জিয়াউদ্দিন বাবলুকে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয় বলে জানান তার ভাই।

তিনি বলেন, সিঙ্গাপুরের স্থানীয় সময় শুক্রবার সকালে সাড়ে ৬টায় বাবলু সিঙ্গাপুরে পৌঁছালে বিমানবন্দর থেকে তাকে সরাসরি ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার কোমরে অস্ত্রোপচার হয়েছে।

জিয়াউদ্দিন বাবলুর সঙ্গে তার স্ত্রী মেহেজেবুন্নেসা রহমান টুম্পা আছেন বলে জানান তিনি।