২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ নেতা-কর্মীদের সন্তানদের খালেদার ঈদ উপহার

দলের নিখোঁজ নেতা-কর্মীদের পরিবারের শিশু-কিশোরদের ঈদের উপহার দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2019, 09:03 PM

Updated : 10 Oct 2022, 09:10 PM

কারাবন্দি দলীয় নেত্রীর পক্ষ থেকে রোববার তার গুলশানের কার্যালয়ে এক অনুষ্ঠানে এই উপহার তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে ফখরুল বলেন, “আপনারা কখনোই মনে করবেন না যে আপনারা একা, আপনারা কখনোই মনে করবেন না যে আমরা আপনাদের ভুলে গেছি্।

“আমরা সব সময় আপনাদের সাথে আছি এবং লড়াই করছি, সংগ্রাম করছি। দেশের মানুষ লড়াই করছে। ইনশাল্লাহ আমরা জয়ী হবই, আপনাদের এই দুঃখের, এই কষ্টের অবসান হবেই।”

নি্খোঁজ নেতা-কর্মীদের সন্তানরা যাতে ভালোভাবে শিক্ষাগ্রহণ করে, সেজন্য তাদের অভিভাবকদের প্রতি অনুরোধ জানান বিএনপি মহাসচিব।

বর্তমান সরকারের আমলে বিভিন্ন সময়ে ‘গুম-খুনে’র শিকার পরিবারের সদস্যদের নিয়ে এদিন ইফতার অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি; ওই অনুষ্ঠানেই উপহারের খাম তুলে দেওয়া হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে স্কাইপে এই অনুষ্ঠানে যুক্ত হন এবং তিনি পরিবারগুলোর সদস্যদের সঙ্গে ঈদের শু্ভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে নিখোঁজ নেতাদের পরিবারের সদস্য ও শিশুরা আবেগময় বক্তব্যের মাধ্যমে তাদের প্রিয়জনদের সন্ধান চান।

বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় এই অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক আমিরুজ্জামান শিমুল উপস্থিত ছিলেন।