খন্দকার কেন অন্যের দ্বারা প্রভাবিত হলেন: হাছান মাহমুদ
ক্ষমা চাইলেও এ কে খন্দকারের বইয়ের লেখা নিয়ে এখনও ‘প্রশ্ন আছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
সাড়ে চার বছর পর ‘১৯৭১ : ভেতরে বাইরে’ বইয়ে বঙ্গবন্ধুর বক্তব্য নিয়ে ভুল তথ্য দেওয়ার জন্য ক্ষমা চেয়ে এ কে খন্দকারের সংবাদ সম্মেলনের পরদিন এই প্রতিক্রিয়া জানালেন তথ্যমন্ত্রী।
রোববার ঢাকার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার উপ-কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, “একজন লেখক কেন অন্যের প্রভাবে প্রভাবিত হয়েছেন?
“একটি ঐতিহাসিক সত্যকে তিনি কেন অন্যভাবে উপস্থাপন করেছিলেন, সে প্রশ্নটি থেকেই যায়।”
২০১৪ সালে প্রথমা প্রকাশনী থেকে এ কে খন্দকারের বইটি প্রকাশের পর থেকেই ব্যাপক বিতর্ক উঠেছিল।
মুক্তিবাহিনীর উপ অধিনায়ক এ কে খন্দকার লিখেছিলেন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বঙ্গবন্ধু শেষ করেছিলেন ‘জয় পাকিস্তান’ বলে।
সমালোচনার পরও নীরব থাকা এ কে খন্দকার শনিবার এক সংবাদ সম্মেলনে এসে ভুল তথ্য দেওয়ার জন্য ক্ষমা চেয়ে বলেন, বঙ্গবন্ধু ‘জয় বাংলা’ বলেই ওই ভাষণ শেষ করেছিলেন।
তিনি আরও দাবি করেন, বইটি প্রকাশের পর ওই তথ্য সংশোধন করতে চাইলেও প্রথমা প্রকাশনসহ আরও কয়েকজন তা করতে দেয়নি।
এ কে খন্দকারের ক্ষমা চাওয়াকে আওয়ামী লীগ কীভাবে দেখছে- জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, "লেখক তার বক্তব্য যে কোনো সময় প্রত্যাহার করতে পারে, ভুল স্বীকারও করতে পারে। সেটার জন্য লেখকের স্বাধীনতা আছে। তাকে ধন্যবাদ জানাই যে, তার উপলদ্ধি হয়েছে যে তিনি ভুল বলেছেন।
“তবে এক্ষেত্রে একটু দুর্বলতা থেকেই যায়।একজন লেখক কেন অন্যের প্রভাবে প্রভাবিত হয়েছেন, একটি ঐতিহাসিক সত্যকে তিনি কেন অন্যভাবে উপস্থাপন করেছিলেন, সে প্রশ্নটি থেকেই যায়।"
কোনো মহলের প্ররোচনায় এ কে খন্দকার এই বই লিখেছেন বলে দাবি করে আসছিলেন আওয়ামী লীগের নেতারা।
যাদের কারণে এ কে খন্দকার এমন ‘ভুল’ করেছিলেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না- সাংবাদিকদের প্রশ্নে সরাসরি উত্তর এড়িয়ে তথ্যমন্ত্রী বলেন, "এ অভিযোগ অত্যন্ত গুরুতর।"
খালেদা জিয়ার মুক্তি ন হলে ঈদের পরে বিএনপির আন্দোলনের হুমকির জবাবে তিনি বলেন, “খালেদা জিয়ার মুক্তির বিষয়টি তো সরকারের হাতে নয়, আদালতের হাতে।
“আদালতের মাধ্যমেই তাদের খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে, অন্য কোনো পথ নেই। আর গত ১০ বছর ধরেই ঈদের পরে বিএনপির আন্দোলন হবে বলে আমরা শুনে আসছি।”
ঈদযাত্রা নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, "ঈদের আগে প্রতি বছর বিএনপির পক্ষ থেকে গৎবাঁধা সমালোচনা করা হয়। আমরা সেটা দেখতে পাচ্ছি এবারও বিএনপি নেত্রীবৃন্দ সেটা শুরু করে দিয়েছেন।
“আগের কাগজগুলো একটু খুলে দেখেন, ১০ বছর আগেও তারা একই কথা বলেছেন। প্রতি বছরই একই কথা বলেন, যে মানুষ নির্বিঘ্নে বাড়িতে যেতে পারছে না। কিন্তু তাদের সময় কী ছিল, সেটি তারা বলে না।"
প্রধানমন্ত্রী বিদেশে থাকলেও তার সার্বক্ষণিক নির্দেশনায় মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা কাজ করছেন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “এবার মানুষ স্বস্তির সঙ্গে রোজা রাখতে পেরেছে। নিত্যপণ্যের মূল্য বাড়েনি।
“একই সঙ্গে আপনারা দেখেছেন, সরকার ভেজালবিরোধী অভিযানও চালিয়েছে, যাতে রমজানে কেউ মানুষকে ভেজাল খাদ্যদ্রব্য না খাওয়ায়।”
