২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের কর্মকাণ্ড এখন জঙ্গিদের মতো: ডাকসু ভিপি

বঙ্গবন্ধুর হাতে গড়া ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগের বর্তমান কর্মকাণ্ড জঙ্গি কার্যক্রমের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2019, 05:20 PM

Updated : 08 Apr 2022, 04:14 PM

নিজের উপর হামলার প্রসঙ্গ টেনে বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের এই নেতা।

এই আন্দোলনের প্লাটফর্ম সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নূর স্থানীয় সংগঠকদের আমন্ত্রণে রোববার বিকালে বগুড়ায় ইফতার অনুষ্ঠানে গিয়ে হামলার মুখে পড়ে ঢাকায় ফিরে যান।  এর একদিন আগে ব্রাহ্মণবাড়িয়ায় ইফতার পার্টিতে যেতে তাকে বাধা দেওয়া হয়।

নূর বলেন, “ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া একটি ঐতিহ্যবাহী সংগঠন। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব রমজানের মাসে এরকম একটি প্রোগ্রামে হামলা করে তারা প্রমাণ করেছে যে তারা একটি সাম্প্রদায়িক শক্তিতে পরিণত হচ্ছে এবং তাদের কার্যক্রম আমাদের কাছে সাম্প্রতিককালে জঙ্গিদের কার্যক্রমের সাথে সাদৃশ্যপূর্ণ বলে মনে হচ্ছে।

“ডাকসু ভিপি হওয়ার পর থেকেই আমাকে এক প্রকার হত্যা করার উদ্দেশ্য পরিকল্পিতভাবে ছাত্রলীগের সন্ত্রাসীদের দিয়ে এই হামলাগুলো করানো হচ্ছে।”

কয়েকদিন আগে মল চত্বরে পহেলা বৈশাখের কনসার্টের আয়োজনে আগুন দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বঙ্গবন্ধুর আদর্শ থেকে সরে গিয়ে ছাত্রলীগ এখন সন্ত্রাসী কার্যক্রম এবং জঙ্গি কার্যক্রমের দিকে ধাবিত হচ্ছে।”

ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী সংগঠনের নামে যারা সন্ত্রাসী কার্যকলাপ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান ছাত্রলীগের মুহসীন হল শাখার সাবেক নেতা নূর।

ছাত্রলীগের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটিতে শীর্ষ পর্যায়ের পদসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দাবি করে ডাকসু ভিপি বলেন, “এখন আমার মনে হচ্ছে হয়তো তাদের সাথে আমি যাইনি কিংবা তাদের কথায় হয়তো একমত হতে পারিনি বিধায় তারা পরিকল্পিতভাবে এইভাবে আমার উপর হামলা চালাচ্ছে। আমি আমার জীবন নিয়ে শঙ্কিত, নিরাপত্তা নিয়ে শঙ্কিত।”

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেন ও ডাকসুর সমাজসেবা সম্পাদক আকতার হোসেন সেখানে ছিলেন।

এদিকে নুরের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার ছাত্রলীগ একটি তদন্ত কমিটি গঠন করেছে।

তিন সদস্যবিশিষ্ট এই কমিটির সদস্যরা হলেন আইন বিষয়ক সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাত, আইন বিষয়ক উপসম্পাদক সুজন শেখ ও শাহাদুল হাসান আল মুরাদ।

কমিটির প্রতিবেদনে নুরের উপর হামলায় সংগঠনের কারও জড়িত থাকার প্রমাণ পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পুরনো খবর:

ছাত্রলীগ পদ দিতে চেয়েছিল, বাড়ি-গাড়িও: নূর