নুসরাতের বাড়ি গিয়েছিলাম, ঘটনায় জড়িতরা শাসক দলের: মিন্টু
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যায় জড়িতরা কোনো না কোনোভাবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
নুসরাত হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী উলামা দলের মানববন্ধনে এই দাবি করেন তিনি।
মিন্টু বলেন, “বর্তমান অবৈধ সরকার গোটা দেশকে একটা নরকে পরিণত করে ফেলেছে। কিছু দিন আগে আমরা বিএনপির নেতৃবৃন্দ নুসরাতের বাড়িতে গিয়েছিলাম, পরিবারের সাথে কথা বলেছি। সোনাগাজীতে কারা এই কাজটি করেছে সেটা ইতোমধ্যে আপনারা বিভিন্ন খবরের কাগজে পড়েছেন। তারা কোনো না কোনোভাবে শাসক দলের সঙ্গে যুক্ত।”
আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে দেশবাসীকে রাস্তায় নামার আহ্বান জানিয়ে এই বিএনপি নেতা বলেন, “যত দিন এই সরকারকে আমরা বিদায় করতে না পারব, এরা শুধু ফেনী নয়, মানুষের দুঃখ-দুদর্শা, ধর্ষণ-নির্যাতন-অত্যাচার এটা প্রতিটি অঞ্চলে দিন দিন বাড়বে।
“অতত্রব আমি দেশবাসীর কাছে আবেদন করতে চাই, এদেশকে মুক্ত করার জন্য উনারা যেন প্রতিবাদ করতে রাস্তায় নেমে আসেন এবং দেশকে এই অবৈধ সরকারের হাত থেকে মুক্ত করেন।”
মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘জনগণের কাছে দায়বদ্ধ সরকার না থাকায়’ দেশের মানুষ ‘প্রশাসনের কিছু মন্দ লোকের’ খপ্পড়ে পড়েছে।
তিনি বলেন, “আমি প্রশ্ন রাখতে চাই, সমাজের কোন মানুষটা আজকে এই সরকার বা প্রশাসনের সাথে যুক্ত কিছু মন্দ মানুষ তাদের থাবা থেকে মুক্ত? কেউ না। কেন না? কারণ জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের নির্বাচিত কোনো সরকার আজ দেশে নাই।
“এই অবস্থা চলতে দেওয়া যায় না। এই একদিনের মানববন্ধনে এদেশকে বিচারহীনতা ও অপমৃত্যুর হাত থেকে রক্ষা করা যাবে না। আমাদের সারা দেশে সকল ক্ষেত্রে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে আমাদের মা-বোনরা নিশ্চিন্তে পথ চলতে পারে, নিশ্চিন্তে ঘরে ঘুমাতে পারে, সেই ব্যবস্থা নিতে হবে।”
খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, “তিনি দারুণভাবে অসুস্থ। তাকে জেলখানায় আটকে রেখে তার অসুস্থতা আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে, যা তার আরও ক্ষতির কারণ হতে পারে। সেজন্য আমরা তার মুক্তি চাই, তার সুচিকিৎসার ব্যবস্থা চাই।”
আয়োজক সংগঠনের আহ্বায়ক মাওলানা শাহ নেছারুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, উলামা দলের সদস্য সচিব মাওলানা নুরুল ইসলাম তালুকদারসহ উলামা দলের নেতারা বক্তব্য রাখেন।
