২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ হাজার শিশু পেল বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’

পাঁচ হাজার শিশুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2019, 11:37 PM

Updated : 18 Aug 2022, 05:07 PM

শুক্রবার বিকালে কাকরাইলে যুবলীগের গবেষণা সেল ‘যুব জাগরণ কেন্দ্রে’ শিশুদের মাঝে এসব বই বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, “ঘরে ঘরে গড়ে উঠুক দেশপ্রেমিক নতুন প্রজন্ম। তাই শৈশব থেকেই দিতে হবে দেশপ্রেমের পাঠ। শিশুদের শোনাতেই হবে বিজয়ের কথা, আমাদের গৌরব গাঁথা, ওরা যার গর্বিত অংশীদার, ওরা যার ধারক বাহক ও উত্তরাধিকার।

“সে কারণেই প্রতি শুক্রবার কাকরাইলের যুবজাগরণ কেন্দ্রে শিশু কর্নার খোলা হয়েছে। এখানে প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিশুরা লাইব্রেরিতে এসে বই পড়তে পারবে এবং আসলেই তারা বিনামূল্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি পাবে। এছাড়াও শিশুদের জন্য বিভিন্ন রকমের লজেন্স, বিস্কুট, আইসক্রিমের ব্যবস্থা রাখা হবে।”

বিকাল ৪টায় বই বিতরণ কর্মসূচির কথা থাকলেও দুপুর ২টা থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে অভিভাবকদের সাথে শিক্ষার্থীরা এসে উপস্থিত হয়। কাকরাইলে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা তাদের স্বাগত জানান এবং শিশুদের মাঝে কেক, আইসক্রিম, চকলেট বিতরণ করেন। আর অভিভাবকদের জন্য চা-কফি ও বিকালের নাস্তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, “যুবলীগ যুব সমাজের মেধা-মনন বিকাশে এবং যুব জাগরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজনীতিতে যে গবেষণা- চিন্তা করা যায়, যুবলীগই তার পথ পদর্শক। আমরা তারুণ্যের বিকাশের জন্য কাজ করছি।

“তরুণরা রাজনীতি করুক বা না করুক মাদকাসক্ত বা সন্ত্রাসবাদে না জড়িয়ে যাতে একজন সুনাগরিক হয়ে ওঠে সেজন্য গবেষণা কাজের বাইরেও সাংগঠনিকভাবে নানামুখী কার্যক্রম পরিচালনা করছি।”

যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, “আজকে শিশুদের হাতে বই তুলে দিয়ে আমরা প্রমাণ করতে চাই, যুবলীগ শুধু যুবকদের নিয়েই ভাবে না, আগামীর প্রজন্ম নিয়েও ভাবে।”

এ সময় কেন্দ্রীয় যুবলীগের কাজী আনিসুর রহমান, ইকবাল মাহমুদ বাবলু, মিজানুল ইসলাম মিজু, মহানগর যুবলীগের মোরসালিন আহমেদ, খোরশেদ আলম মাসুদ, কাউন্সিলর মমিনুল হক সাঈদ, মাকসুদুর রহমান, ইমদাদুল হক ইমদাদ উপস্থিত ছিলেন।