২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নুসরাত হত্যার দ্রুত বিচার দাবি ১৪ দলের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের বিচার দ্রুত বিচার আদালতে করার দাবি জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ১৪ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2019, 09:27 PM

Updated : 08 Apr 2022, 04:03 PM

বৃহস্পতিবার ঢাকার আজিমপুর কমিউনিটি সেন্টারে ১৪ দল আয়োজিত মাদকমুক্ত সমাজ ও নিরাপদ সড়কের দাবিতে আয়োজিত অভিভাবক সমাবেশে এই দাবি জানানো হয়।

১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, “ফেনীর ওই ছাত্রীকে কে হত্যা করেছে, এর সঙ্গে কারা জড়িত তা সবাই জানে। আমি আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করছি, দ্রুত বিচার আদালত গঠন করে এদের দ্রুত বিচার করতে হবে।

“তা না হলে সমাজের এই অবক্ষয় দূর হবে না। অনতিবিলম্বে এটা করতে হবে। এই হত্যাকারীরা, অপরাধীরা কোনোভাবেই পার পেতে পারে না।”

মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করার পর নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। পা঳চ দিন লড়াই করার পর বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু ঘটে। 

সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেন, “ফেনীর ছাত্রী রাফি হত্যার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে।”

সড়ক দুঘটনা সম্পর্কে হানিফ বলেন, “যিনি ড্রাইভিং লাইসেন্স দেন, রুট পারমিট দেন, সড়ক দুর্ঘটনার জন্য তারাও দায়ী। যে চালককে লাইসেন্স দেওয়া হয় তাদের অধিকাংশই অশিক্ষিত ও অর্ধ শিক্ষিত। কোনো আইন জানে না, ন্যূনতম জ্ঞান নেই। তাদের লাইসেন্স দেওয়ার কারণে এই সমস্যা হয়।

“প্রত্যেক দুঘটনার পর যানবাহনের মালিককেও আসামি করে মামলা দিতে হবে। তাহলে মালিকরা আর অদক্ষ চালককে নিয়োগ দেবে না।”

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন জাসদের কার্যকরি সভাপতি মইন উদ্দিন খান বাদল, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত।